সারাদেশে ১৮ দলের বিক্ষোভ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪০
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গতকাল রবিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ চলার সময় সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ৩১ জন। রাজধানীর জুরাইন, বরিশালের বাবুগঞ্জ, কুমিল্লা, পাবনা, ময়মনসিংহ ও দিনাজপুরে পুলিশ গ্রেফতার করেছে ৪৫ জন নেতা-কর্মীকে। সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি স্থানে গুলিবর্ষণ করে। রাজধানীতে থানায় থানায় ১৮ দল বিক্ষোভ করেছে। এর মধ্যে বিজয়নগরে ১৮ দলের ঝটিকা মিছিল পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। জুরাইন পুরাতন কৃষি ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ধোলাইপাড় মোড় হয়ে গীত সংগীত সিনেমা হলের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় দুইজন জোট কর্মী আহত হন। গ্রেফতার করা হয় রুবেল নামের একজন বিএনপি কর্মীকে। এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আমাদের বরিশাল অফিস জানায়, রবিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল বাবুগঞ্জ থানা এলাকায় প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামাতে পরে বাবুগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগ দেয় বিমানবন্দর থানা পুলিশ। বেধড়ক লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর থানা পুলিশ ২০ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। তাতেও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসেনি। জোটের নেতাকর্মীরা বরিশাল-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচিসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন পুলিশও আছেন। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে। এছাড়া বরিশালের হিজলায় জোটের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালালে পাঁচজন আহত হন। কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের দুই গ্রুপের সংষর্ষে আহত হয়েছেন চারজন। ময়মনসিংহের মুক্তাগাছায় সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে, সেখানে আটক করা হয় পাঁচজনকে। নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রংপুরের পীরগাছা, সিলেট ও মাগুরায় এরশাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। সিলেট অফিস জানায়, তফসিল ঘোষণার দিন থেকেই সিলেটকে অচল করে দেয়ার হুমকি দিয়েছেন ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ। রবিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ১৮ দলীয় জোটের সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম। রাজশাহী অফিস জানায়, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেই পাড়ায় পাড়ায় আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর ১৮ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতারা। গতকাল নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ১৮ দলের বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এই ঘোষণা দেন। এছাড়া নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম,গাইবান্ধা, পঞ্চগড়, মেহেরপুর, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, নরসিংদী, ঝিনাইদহ, গাজীপুর, দিনাজপুর, জামালপুর থেকে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা সমাবেশের খবর দিয়েছেন।