আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪০
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ১১ জনে। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের মন্ত্রী ছিলেন। এ সময় তিনি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত প্রথমে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পরে যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৮৬, ’৮৮, ’৯১ এবং ২০০১ সালে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালি) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৯৬ সালের নির্বাচনে পিরোজপুর-২ ছাড়াও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে সংসদ সদস্য হন। পরে ঝালকাঠি-১ আসন ছেড়ে দেন এবং উপ-নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য হন তার স্ত্রী তাসমিমা হোসেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৪৪ সালের ১ জানুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নির্ভীক সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র। তার মাতার নাম মাজেদা বেগম। জনাব মঞ্জু ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তার ঐচ্ছিক বিষয় ছিল পদার্থ ও গণিত। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটিতে ১৯৮০ থেকে ১৯৮১ পর্যন্ত অধ্যয়ন করেন। এই ইউনিভার্সিটি থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৯ সালে তার পিতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার আকস্মিক মৃত্যুর পর দৈনিক ইত্তেফাকে সাংবাদিক হিসেবে যোগ দেন এবং ১৯৭২ সাল থেকে এই পত্রিকার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ১৯৬৬-৬৭ সালে ফজলুল হক হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং ১৯৬৭-৬৮ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৮০ সালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হন। ১৯৯৫-৯৮ সালে তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে তিনি জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আনোয়ার হোসেন মঞ্জু বরিশালের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, ভাণ্ডারিয়ায় মাজেদা বেগম মহিলা কলেজ এবং মানিক মিয়া কলেজের প্রতিষ্ঠাতা। অভিনন্দন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। গতকাল রবিবার এক বিবৃতিতে জেপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর রাজনৈতিক অভিজ্ঞতা উপদেষ্টা হিসেবে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক হবে। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুকে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম এ কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলী আব্দুল্লাহ টিংকু, সহ-সভাপতি শাহিন কাদের, দপ্তর সম্পাদক এস এম বিপ্লব, কেন্দ্রীয় সদস্য জামিল আহমেদ, আবু তাহের, মো. হুমায়ুন কবীর, ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার জুয়েল, ভাণ্ডারিয়া থানার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন দুলাল, মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আনোয়ার হোসেন মঞ্জু উপদেষ্টা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। গতকাল রবিবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। এছাড়া অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি এডভোকেট আলী আহম্মদ খান মিলু ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব তালুকদার। ইত্তেফাকের তিন ইউনিয়ন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় আনোয়ার হোসেন মঞ্জুকে ইত্তেফাক সাংবাদিক শ্রমিক কর্মচারী স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান আবুল খায়ের, মো. আলমগীর হোসেন খান, মো. মুনছুর আহম্মেদ, মো. গোলাম সরোয়ার আজাদ, খন্দকার গোলাম জিলানী ও দীপক চন্দ্র রায়। এছাড়া ভাণ্ডারিয়া থেকে অভিনন্দন জানিয়েছেন মো. ইউসুব আলী আকন, মো. খলিলুর রহমান খলিল, মো. কামাল জোমাদ্দার, মো. এনামুল হক মিন্টু হাওলাদার, শহীদুজ্জামান রাজু মল্লিক, মো. আবুল হোসেন, মো. জাহাঙ্গীর প্রধান পান্না, তপন কুমার হাওলাদার, নান্নু মিয়া। কাউখালী থেকে মো. হুমায়ুন কবীর রাজু, মো. নজরুল ইসলাম, জিয়ানগর থেকে সালাম বাহাদুর, দেলোয়ার মাতুব্বর, কাঠালিয়া থেকে এনামুল ইসলাম রুবেল, এলিন, রাজাপুর থেকে জুয়েল, মিল্লাত। আরো অভিনন্দন জানিয়েছেন- জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মামুন হাং, জাতীয় পার্টি (জেপি) ঝালকাঠী জেলার সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার বানু প্রমুখ। এছাড়া মানিক মিয়া রিসার্স একাডেমির পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। জাতীয় পার্টি-জেপি’র মনোনয়নপত্র বিক্রি শুরু আজ থেকে ইত্তেফাক রিপোর্ট আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন পেতে ইচ্ছুকদের মধ্যে আজ সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১১টা থেকে এই ফরম বিক্রি হবে। মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। জেপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আজ এই কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল রবিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আগ্রহীদের ৩/৬, সি-২, ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা ঠিকানায় এবং ০১৭১২-০২৫১৩৭ ও ০২-৮১৫৫৫৯০ ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।