সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখতে চাই

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪২
নির্বাচনকালীন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গতকাল রবিবার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন। প্রথম কর্মদিবসেই তারা যেকোনো মূল্যে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একইসঙ্গে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। সকালে দপ্তরে গেলে স্ব-স্ব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। একই সঙ্গে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও বিদায় জানানো হয়। সকাল সাড়ে ১০টা দিকে ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু তার নিজ দপ্তরে যান। মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হওয়ার পর আওয়ামী লীগের এ উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংবাদিকদের বলেন, ?বিরোধীদলের সঙ্গে সংলাপের বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ থাকবে। তবে বিএনপি না এলেও নির্বাচন হবে। বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন দল নির্বাচনে অংশ নিলো আর নিলো না সেটা মুখ্য বিষয় নয়, কত শতাংশ ভোট পড়ল সেটাই মূল বিষয়। বিএনপি আলোচনার এবং সমঝোতার পথ এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ নির্বাচনকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের বলেন, আমার মন্ত্রণালয় রাজনৈতিক কার্যালয় হবে না। আমরা শুধু দৈনন্দিন কাজ করবো। তিনি বলেন, আগুন দিয়ে, সহিংসতা করে কিছু অর্জন করা যায় না, বিরোধীদল তা বুঝতে পেরেছে। আমার বিশ্বাস, তারা নির্বাচনে অংশ নেবেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মূল লক্ষ্য। তিনি সকলকে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রওশন এরশাদ বলেন, আমরা নির্বাচনকালীন সময়ের বেশি সময় দায়িত্বে থাকতে চাই না। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে বলেন, বিএনপি না এলেও আগামী ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে হাসানুল হক ইনু যেকোনো মূল্যে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার তার দপ্তরের দায়িত্ব গ্রহণ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম সকাল ১০টার মধ্যে তার নিজ দফতরে পৌঁছে দায়িত্বভার গ্রহণ করেন। পুরনো মন্ত্রীদের মধ্যে রেলের দায়িত্বে থাকা মো. মুজিবুল হক নির্বাচনকালীন সরকারের জন্য নতুন দায়িত্ব পাওয়া ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিত হন।