হরতাল না দিতে পীর সাহেব চরমোনাইর আহ্বান

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪৩
চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। মাহফিল চলাকালে হরতাল অবরোধসহ কোন কর্মসূচি না দিতে ১৮ দলসহ সকল রাজনৈতিক দলকে গতকাল রবিবার এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন চরমোনাইয়ের পীর সাহেব মুফতী সৈয়দ রেজাউল করীম। পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বাদ জোহর ৩ দিনের এ ওয়াজ মাহফিল শুরু হবে। আগামী শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় জলসার সমাপ্তি ঘটবে। বিবৃতি তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে নির্বিঘ্নে যাতে দেশ-বিদেশের মুসলমানরা অংশগ্রহণ করতে পারেন তার জন্য হরতালসহ কোন কর্মসূচি না দিলে মানুষ উপকৃত হবে। ইসলাম শান্তির ধর্ম। শান্তিকামী মানুষের স্বার্থে কোন রাজনৈতিক দল এ মুহূর্তে হরতাল দিবে না বলে আমরা আশা করি।