স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করবেন কে? -এই নিয়ে ভারতে এখন বিস্তর তর্ক বিতর্ক হচ্ছে। বিরাট কোহলি এই পজিশনের জন্য বিজয় শঙ্করের প্রতি নিজের পক্ষপাতিত্বে্র কথা আগেই বলেছেন। আর এই দায়িত্বে নিজেকে প্রস্তুত বলেই ঘোষণা করলেন বিজয়।
টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমি জানি চার নম্বর পজিশনটা দলের জন্য কতটা জরুরি। আমি এই দায়িত্ব নিতে মানসিক ভাবে প্রস্তুত। এটা এমন একটা পজিশন যাকে প্রয়োজনে সাত-আট ওভারের সময় -কিংবা ৩০-৩৫ ওভারেও নামতে হতে পারে। ফলে, আমি সব ধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রাখছি। আমি মূলত আক্রমণ করে খেলতেই পছন্দ করি। যদি, ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাই -সেটা দারুণ একটা ব্যাপার হবে। আসলে আমি মনে করি, এই জায়গাটাতেই আমাকে সবচেয়ে বেশি মানায়।’
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। শেষ হবে ১৪ জুলাই। ভারতের বিশ্বকাপ অবশ্য একটু দেরীতেই শুরু হবে। আগামী পাঁচ জুন তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
