স্পোর্টস ডেস্ক
আইসিসির সর্বশেষ বড় টুর্নামেন্টটাও হয়েছিল এই ইংল্যান্ডেই। সেটা ২০১৭ সালের কথা। ফাইনালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। সব ঠিকঠাক থাকলে এবার বিশ্বকাপেও পাকিস্তানের নাম ফেবারিটের তালিকায় থাকা উচিত ছিল।
কিন্তু, সেটা হচ্ছে না। কারণ টানা নয়টি ওয়ানডেতে হেরে সরফরাজ আহমেদের দল এখন ধুঁকছে। যদিও, বিশ্বকাপের আগে পাকিস্তানকে অতীত ভুলতে বললেন দেশটির সাবেক অধিনায়ক জহির আব্বাস। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে বাজে রকমের হারটা এখন আমাদের ভুলে যেতে হবে। সামনে তাকাতে হবে। বিশ্বকাপে মনোযোগী হতে হবে। আর সবচেয়ে জরুরি হলো নিজেদের ফিল্ডিংয়ের মান বাড়াতে হবে।’
আব্বাস বিশ্বকাপে পাকিস্তান দলের ওপর আস্থা রাখছেন। তার দাবি, এটাই চলতি সময়ে পাকিস্তানের সেরা দল। তিনি মুখিয়ে আছেন ভারত-পাকিস্তান লড়াইয়ের জন্য। বিশ্বকাপে দুদলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন, ম্যানচেস্টারে। আব্বাস বলেন, ‘রেকর্ড সব সময়ই ভারতের সাথে আছে। কিন্তু, পাকিস্তানের ব্যাপারে আগাম কিছু বলা যায় না। নিজেদের দিনে ওরা যে কাউকে হারিয়ে দিতে পারে। এটা নির্ভর করে, ম্যাচের দিনে কে কতটা চাপ নিতে পারে— তার ওপর। আমি মনে করি যেই জিতুক না কেন, এটা এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ হতে যাচ্ছে।’
ভারত-পাকিস্তান লড়াইয়ে অ্যাশেজের চেয়েও এগিয়ে রাখছেন আব্বাস। বললেন, ‘আমার কাছে ভারত-পাকিস্তান লড়াইটা অ্যাশেজের চেয়েও এগিয়ে। আমি মনে করি এটা সব সমর্থকরাই দেখতে পছন্দ করবে। ম্যাচটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
