ইংল্যান্ড দলে পরিবর্তন

বিশ্বকাপে আর্চার ও ডওসন

আপডেট : ২১ মে ২০১৯, ২১:০১

স্পোর্টস ডেস্ক

আইসিসির বেধে দেওয়া সময়ে দু’দিন আগেই বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। অনুমিত ভাবেই দলে ডাক পেয়ে গেছেন তরুণ প্রতিভা জোফরা আর্চার। তাকে, জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন বাঁ-হাতি পেসার ডেভিড উইলি।

মূলত পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজ দিয়েই বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার। এর আগেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন তিনি। তবে, সেটা ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে। তার জায়গা পাওয়াটা সহজ হয়েছে উইলির বাজে ফর্মের কারণে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাত্র চার উইকেট পেয়েছেন তিনি।

তবে, বড় চমক হলো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন লিয়াম ডওসন। তিনি সর্বশেষ ইংল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের অক্টোবরে। তিনি বিশ্বকাপের জন্য ইসিবির দেওয়া স্ট্যান্ডবাইয়ের তালিকাতেও ছিলেন না। বাঁ-হাতি এই স্পিনিং অলরাউন্ডারকে নেওয়ার কারণ হলো নির্বাচকদের মন কাড়তে ব্যর্থ হয়েছেন জো ডেনলি।

আর ডওসন হ্যাম্পশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটের ওয়ানডে কাপে নয় ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট। সাথে করেছেন ২৭৪ রান। ফলে, তার দলে জায়গা পাওয়াটা আরো সহজ হয়েছে।

আরেকটা পরিবর্তন আগে থেকেই সবাই কম বেশি জেনে গেছেন। সেটা হলো আগেই বিশ্বকাপের দল থেকে জায়গা হারানো অ্যালেক্স হেলসের জায়গায় এসেছেন আরেক ওপেনার জেমস ভিন্স। এখানে ইংল্যান্ডের নির্বাচকদের কাছে আর কোনো বিকল্পও ছিল না।

ইসিবির কাছে দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন হেলস। এর জন্য প্রথমে তিন সপ্তাহ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও ক’দিন বাদেই আরো কঠোর হয় ইসিবি। আপাতত জাতীয় দলের স্কোয়াডের জন্যই তাকে আর বিবেচনা করা হচ্ছে না। তাই, কপাল খুলেছে ভিন্সের।

এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ইংল্যান্ড। বিশ্বকাপের প্রথম দিন মানে আগামী ৩০ মে লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইয়ন মরগ্যানের দল।

ক্রিকেট ইতিহাসের প্রথম তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই ইংল্যান্ডে। এরপর সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এই টুর্নামেন্টে নিয়ে নিজেদের বিশ্বকাপের ট্রফি জিততে না পারার আক্ষেপ মুছে ফেলতে চায় ইয়ন মরগ্যানের দল।

বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড:

ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), টম কারান, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।