পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। কাতারী ক্লাব আল-সাদের হয়ে সোমবারই শেষ ম্যাচ খেলেছেন তিনি। শেষটা অবশ্য খুব সুখকর হয়নি তার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে তার দল ইরানি প্রতিপক্ষ পার্সপোলিসের কাছে হেরেছে ২-০ ব্যবধানে। ২১ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ১৭ বছরই বার্সেলোনাতেই কাটিয়েছেন জাভি। স্পেনের হয়ে তিনি বিশ্বকাপ ও দুইটি ইউরো শিরোপাও জিতেছেন। বার্সায় দীর্ঘ ক্যারিয়ারে আটবার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনি, যার শেষটিতে দল খেলেছিলো তার নেতৃত্বেই। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।
