ভারতের ‘ট্রাম্প কার্ড’ ধোনি

আপডেট : ২১ মে ২০১৯, ২১:০১

স্পোর্টস ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট মস্তিষ্ক যে কোনো দলের জন্যই একটা বাড়তি প্রাপ্তি। আর এ জন্যই এবারের বিশ্বকাপে তিনি ভারতীয় দলের জন্য ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন— এমন দাবি করেছেন পাকিস্তানি গ্রেট জহির আব্বাস।

ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের অর্জনের কোনো শেষ নেই। ধোনিই ২০০৭ সালে অধিনায়ক হিসেবে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেন। এছাড়া ২০১১ সালে সর্বশেষ যেবার ভারত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে, সেবারও অধিনায়ক ছিলেন ধোনি। এমনকি সেবার ফাইনাল জয়েও অন্যতম নায়ক ছিলেন তিনি। একই সাথে ধোনি অধিনায়ক হিসেবে দুটি এশিয়া কাপ (২০১০ ও ২০১৬) ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩) জিতেছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক আব্বাস মনে করেন, ধোনির এতদিনের অভিজ্ঞতা ভারতের বিশ্বকাপে এগিয়ে যাওয়ার পথে অনেক সাহায্য করবে। তিনি বলেন, ‘ভারতের একজন জিনিয়াস আছেন। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। ওর ক্রিকেট মস্তিষ্কের কথা না বললেই হয়। ওর ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। ওর অভিজ্ঞতাটা অধিনায়ক ও কোচের জন্য খুবই মূল্যবান। আমি মনে করি, বিশ্বকাপে ধোনিই হবেন ভারতের ট্রাম্প কার্ড।’

জহির আব্বাস এ বিশ্বকাপকে বিরাট কোহলির জন্য নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণের মঞ্চ হিসেবেও দেখছেন। বললেন, ‘আমি মনে করি এ বিশ্বকাপটা বিরাট কোহলির জন্যও একটা বড় সুযোগ। ও নিশ্চয়ই অধিনায়ক হিসেবে নিজের সক্ষমতার প্রমাণ দিতে চাইবেন।’

বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। শেষ হবে ১৪ জুলাই। ক্রিকেট ইতিহাসের প্রথম তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই ইংল্যান্ডে। এরপর সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এবার আবারো বিশ্বকাপ ফিরছে তার আঁতুর ঘরে। তবে, এখনকার ইংল্যান্ডের কন্ডিশন আর আগের মতো নেই। আর সম্প্রতি এখানকার উইকেটে বিস্তর রানও হচ্ছে।

ফলে, ভারতের যে ব্যাটিং লাইন আপ তা দিয়ে চাইলে ৪০০ বা ৪৫০ রানও সম্ভব, এমন মন্তব্য করলেন জহির আব্বাস। তিনি বলেন, ‘আমি সম্প্রতি পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজটা দেখলাম। কত সহজেই না দলগুলো ৩০০’র ওপর রান তাড়া করে ফেলছে। আমি মনে করি এবারের বিশ্বকাপে ৪৫০ রানও হয়ে যেতে পারে। আর ভারতের মতো ব্যাটিং লাইন আপ যাদের আছে, তাদের জন্য এটা খুব বেশি কঠিনও হবে না। আমি মনে করি, ইংল্যান্ডের কন্ডিশনটাকে কাজে লাগাতে পারে ভারত। বিশ্বকাপে ওদের ব্যাটিং লাইন আপই সবচেয়ে শক্তিশালী।

পাকিস্তানের হয়ে ১৯৬৫ থেকে ১৯৮৫ সাল অবধি খেলেছেন জহির আব্বাস। এ সময়ে তিনি ৭৮ টেস্ট ও ৬২টি ওয়ানডেতে মাঠে নেমেছেন। তিনি নিজের অভিজ্ঞতা থেকে মনে করেন, ভারতের চার নম্বর পজিশনের জন্য স্থায়ীভাবে কাউকে দরকার। তিনি বলেন, ‘আমি মনে করি এটা পুরোপুরিই অধিনায়কের সিদ্ধান্ত। তবে, চার নম্বরটা এমন একটা পজিশন যেটা আসলে বারবার পাল্টাতে নেই।’

আব্বাস বিশ্বকাপ জয়ের লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন ভারতকে। এরপরই তিনি বললেন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের নাম। তিনি মনে করেন, এ পাঁচটি দলের মধ্যেই চারটি এবার খেলবে সেমিফাইনালে।