হাকিমপুরে বিধি লঙ্ঘন করে সার বিক্রি করায় ব্যবসায়ী আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৫
বিধি লঙ্ঘন করে হিলি হাকিমপুরের সার ব্যবসায়ী ৩শ’ বস্তায় ১৫শ’ কেজি ড্যাপ (ডিএপি) সার বিক্রি করে। সারগুলো নওগাঁর মাতাজিহাট যাওয়ার পথে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি তা আটক করে। মোবাইল কোর্ট আইনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা ৭টায়। বাংলাহিলি বাজারের সার ব্যবসায়ী মেসার্স জোয়াদ্দার ট্রেডার্সের মালিক মোজাম্মেল হক জোয়াদ্দার হাকিমপুর উপজেলার কৃষকদের মাঝে বিক্রি না করে ১৩শ’ ৫০ টাকা রেটে ৪ লাখ ৫ হাজার টাকা মূল্যে সারগুলো বিক্রি করে দেয়। উক্ত সারগুলো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাটের মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক জাহেরুল ইসলাম-এর প্রতিনিধি সারগুলো কিনে নেন। পরে ঢাকা মেট্রো-ট-১১-০৩৫২ ট্রাকে সারগুলো নিয়ে যাওয়ার পথে দুপুর দেড়টায় পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি ট্রাকসহ সারগুলো আটক করে। বিজিবি সারগুলো হাকিমপুর উপজেলায় আনলে ওই দিন সন্ধ্যায় নির্বাহী অফিসার আজহারুল ইসলাম মোবাইল কোর্ট আইনে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর আওতায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সঙ্গে সারগুলো নির্বাহী অফিসারের মাধ্যমে পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের ডিলারদের মাঝে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে মেসার্স জোয়াদ্দার ট্রেডার্সের মালিক মোজাম্মেল হক জানান, যশোহরের নওয়াপাড়ার মেসার্স উত্তরা ট্রেডার্স, মেসার্স চুয়াডাঙ্গা ট্রেডার্স থেকে তিনি অনেক সারই কিনেছেন এবং বিক্রিও করেছেন।