ঝিনাইগাতীর ধর্মপল্লীতে ওয়ানগালা উত্সব
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসী ধর্মপল্লীতে গত রবিবার ওয়ানগালা উত্সব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী আদিবাসী পল্লী ছিল উত্সবমুখর। প্রতি বছর এ মৌসুমে নতুন ধান কাটার সময় আদিবাসীরা নবান্ন উত্সবকে তাদের ভাষায় ওয়ানগালা নামে এ উত্সবে মেতে উঠেন। এ উত্সবে সারাদিন ছিল পিঠা-পায়েস খাওয়াসহ নানা খেলাধুলা ও নাচগানের আয়োজন। এদিন মধ্যরাত পর্যন্ত চলে এ উত্সব।
আদিতমারীতে ভুট্টা চাষ বিষয়ে ব্র্যাকের প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় চারার যত্ন, সেচ ও পরিচর্যা বিষয়ক ভুট্টা চাষের উপর কৃষক প্রশিক্ষণ গতকাল সোমবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহিষখোচা ইউনিয়নের দঃবালাপালা ব্লকের ৭২ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ৭২ জন কৃষকের আওতায় ৩৫ একর জমিতে ভুট্টার চাষাবাদ করা হবে। এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মধুখালীতে মানবাধিকার কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গত রবিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুখালী উপজেলা আয়োজনে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়। উপজেলা সভাপতি ডা. সুলতান আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আ. আজিজ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রেজাউল করিম ঝুটু, রফিকুল ইসলাম লিঠু প্রমুখ।
বিজয়নগরে রোভার স্কাউটসের বেসিক কোর্স সম্পন্ন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গত রবিবার ২৩৭তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স সম্পর্ণ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সাইদুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটের সম্পাদক প্রভাষক মনিরুজ জামান, আঞ্চলিক কমিশনার ডঃ আরিফিন বেগম প্রমুখ।
বাঘায় মদ ও গাঁজাসহ দু’জন গ্রেফতার
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাঘায় পৃথক ঘটনায় ৮৫ লিটার বাংলা মদ ও গাঁজাসহ রফিক এবং জিনারুল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার উপজেলার আড়ানী পৌর বাজার ও রেলস্টেশন থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এ বিষয়ে উভয়ের নামে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীতের ঘোষণা
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা\ গত রবিবার বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান পৌর মুক্তমঞ্চে ফরিদপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ফরিদপুর পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর পৌরসভার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। বক্তব্য দেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার প্রমুখ।
নড়াইলে মাদক ব্যবসায়ী আটক
নড়াইল প্রতিনিধি \ নড়াইলে ৭শ’ ৬৯ বোতল ফেন্সিডিলসহ লিটন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক লিটন শেখ নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। গত রবিবার ভোরে নিজ বাড়ি থেকে লিটনকে আটক করে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত থাকতে পারে এ অভিযোগে নড়াইল ডিবি পুলিশের এএসআই সুজন (৩৫), সহকারী পুলিশ সুপারের (সার্কেল) গাড়ির চালক কনস্টেবল বিজন (৪০) ও কনস্টেবল লালন পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জে প্রবাসীর মৃত্যু দাবির চেক হস্তান্তর
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রবাসী প্রকৌশলী এস. জাফরউল্লাহর মৃত্যু দাবির ২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছে। গত রবিবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন সৌদি প্রবাসী মৃত প্রকৌশলী এস জাফরউল্লাহর স্ত্রী মোসাম্মত্ নাসরিনের হাতে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের এ চেক তুলে দেন। এ সময় প্রবাসী কল্যাণ ডেক্সের সহকারী কমিশনার আইরিন আকতার, গোপালগঞ্জ জনশক্তি জরিপ অফিসার আবুল কাসেম উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার মওদুদের মুক্তির দাবিতে সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি \ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মুক্তির দাবিতে তার নির্বাচনী এলাকায় কবিরহাট উপজেলা সদরে গত রবিবার বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, সহ-সভাপতি মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের সভাপতি আরাফাতের রহমান হাসান ও ছাত্রদলের সভাপতি মাঈনউদ্দিন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
সুন্দরগঞ্জে জাতীয় পার্টি জেপি থেকে মনোনয়ন সংগ্রহ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯-গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টি জেপি (মঞ্জু) থেকে জেপি’র কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও শান্তিরাম ইউপি সাবেক চেয়ারম্যান রেজিয়া বেগম মনোনয়নপত্র সংগ্রহ করা করেন। তিনি সাবেক ৩ বার সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত হাফিজুর রহমান প্রামাণিকের সহধর্মিনী। তিনি বিগত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।
পলাশে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচজন
পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ দশম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক, সাবেক বিচারপতি অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তানজিরুল হক রনি।
আদিতমারীতে কৃষকের মাঝে ট্রিলার বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আইএপিপি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে গতকাল রবিবার লালমনিরহাটের আদিতমারীতে ৪টি কৃষক দলের মাঝে বিনামূল্যে ৪টি পাওয়ার ট্রিলার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ট্রিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জেলা উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ মাউদুদুল ইসলাম। এসময় জেলা কো-অর্ডিনেটিং অফিসার আবুবক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে খাপ খাইয়ে নেয়া ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে সাংবাদিকদের অবহিতকরণ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত রবিবার কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ। সাংবাদিক গৌরাঙ্গ নন্দির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। উক্ত কর্মশালায় সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে কর্মরত ৪০ জন বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
রাজশাহীতে নিরাপদ সড়ক বিষয়ে র্যালি
রাজশাহী অফিস \ রাজশাহীর সর্বস্তরের মানুষকে নিরাপদ সড়ক পারাপারে সচেতনতার লক্ষ্যে সিসিডির এ্যাকটিভ সিটিজেন্স ১৫তম গ্রুপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় গত রবিবার নগরীতে র্যালি ও মানববন্ধন করেছে একদল তরুণ যুবা। গণযোগাযোগ ও মিডিয়াবিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডির উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের এ্যাকটিভ সিটিজেনস প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেদারল্যান্ডের ইউনাইটেড নেটওয়ার্ক অব ইয়ং পিস বিল্ডার্সের কর্মকর্তা রবিন দি ভেলগা, সিসিডির কো-অর্ডিনেটর হাসান তানভীর, ফ্যাসিলিয়েটেটর সাদিয়া আফরোজ, মেহেদী হাসান, ব্যাচ কো-অর্ডিনেটর মোহাম্মদ জহির ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
নীলফামারীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ে বৈঠক
নীলফামারী প্রতিনিধি\ বাংলাদেশের ভয়াবহ যক্ষ্মা পরিস্থিতি মোকাবেলায় “যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম সর্বস্তরের অংশগ্রহণ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক গত রবিবার অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এস.এম মাহফুজুল হক উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও ব্র্যাক প্রতিনিধিরা অংশ নেন।
বানারীপাড়ায় বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের বানারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনডাবের উদ্যোগে দুঃস্থ সদস্যদের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত রবিবার সকালে ইনডাব কার্যালয়ে নির্বাহী পরিচালক এস আই কবিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
ভোলাহাটে আম সংরক্ষণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চরধরমপুর আম সংরক্ষণ সমিতির সাধারণ সভায় ভোলাহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তাজাম্মুল হক আরাফাতকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে মর্নিংষ্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ৯নং ওয়ার্ড সদস্য রেজাউল কবির।
পাথরঘাটায় ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা\ বরগুনার পাথরঘাটায় তিন দিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন সরকার। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র বরগুনা ব্যবস্থাপক অবিনাশ চন্দ্র বেপারী’র সভাপতিত্বে ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন সরকার, তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান শাহিন প্রমুখ।
দুমকিতে জাতীয় পার্টির মতবিনিময় সভা
দুমকি (পটুয়াখালী) \ দুমকি উপজেলার জাতীয় পার্টি আয়োজিত জাতীয় দৈনিক ত্রবং স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । তিনি সকল সাংবাদিকদের সুষ্ঠু ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকলকে আহবান জানান। তার ভাই ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ০১ আসন থেকে নির্বাচন করবেন বলে সকলকে সহযোগিতা করার আহবান জানান। এ সময় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মহেশপুরে জাপা নেতার মতবিনিময়
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহ ৩ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহমান গত রবিবার ও সোমবার স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় করেন। প্রকাশ, মহেশপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রহমান গত শনিবার দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে এসে রবিবার উপজেলা জাতীয় পার্টির নেতাদের সাথে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধীর সরকার, পৌর জাপার আহবায়ক আঃ কাদের আলম, মোসারেফ হোসেন মাষ্টার,ছাত্রনেতা মঞ্জুর হোসেন, প্রমুখ। নেতৃবৃন্দ সকলেই জাপা নেতার পাশে থেকে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
শ্রীপুরে মাদক সম্রাট আনা সরদার আটক
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গত রবিবার যশোর র্যাব-৬ শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলার কোদলা গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি ২’শ গাঁজাসহ মাদক সম্রাট আনোয়ার সরদার ওরফে আনা সরদার (৬০)কে আটক করেছে। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক(ও’সি) বিপ¬ব কুমার নাথ জানান, আনা সরদার পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। সে একাধিকবার পুলিশের নিকট গাঁজাসহ আটক হয়ে হাজতবাস করেছে। ডি,এ,ডি সামছুল আলম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে গতকাল সোমবার মাগুরা আদালতে প্রেরণ করোছে। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
লাকসামে ৯টি বীজ দোকানে জরিমানা
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও অনুমোদনহীন বীজ বিক্রির দায়ে দৌলতগঞ্জ বাজারের ৯টি বীজ দোকানের নগদ জরিমানা করা হয়েছে। গত রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ শফিউল আলম ব্যবসায়ীদের ভেজাল ও অনুমোদনহীন বীজ, কীটনাশকসহ অন্য কৃষিপণ্য বিক্রি থেকে বিরত থাকার আহবান জানান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন হোসেনসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলা কৃষি দপ্তরের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অভিযানের বিষয়টি ফাঁস হয়ে গেলে স্থানীয় অনেকে দোকান থেকে ভেজাল কৃষিপণ্য সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে।
কুমিল্লায় যুবলীগ সভাপতিসহ ১১ জন কারাগারে
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় একটি মামলায় হাজিরা দিতে এসে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও বাতিশা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুসহ ১১ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল সোমবার কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক এ নির্দেশ দেন। জানা গেছে, জেলার চৌদ্দগ্রাম উপজেলার পাতড্ডা বাজারে ১৯৯১ সালে একটি বেকারী ভাংচুরের ঘটনায় ওই বেকারীর মালিক আহসান উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় জাহিদ হোসেন টিপুসহ ১১ জনকে আসামি করা হয়। এ মামলায় আসামিরা আদালত থেকে জামিনে গিয়ে দীর্ঘদিন যাবত্ পলাতক ছিল।
পবিপ্রবির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই ও বিএএম ভবন (২য় ব¬ক) এবং দুর্যোগ ব্যবস্থাপনা, মাত্স্য ও নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ ভবনের (১ম ব¬ক) ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বক্তৃতা করেন রেজিস্ট্রার মোঃ নওয়াব আলী। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সেকশন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে বাস ড্রাইভারের মুক্তি দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি \ গত ১৯ নভেম্বর গোপালগঞ্জ বাঁশবাড়িয়া সড়কের পাটগাতী এলাকায় যানজট সৃষ্টির অভিযোগে মুন পরিবহনের চালক আতিক শেখকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারদ্ল প্রাদন করেন। এ ঘটনার প্রতিবাদে ও বাস ড্রাইভারের মুক্তির দাবিতে গতকাল সোমাবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামে নতুন বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন। ড্রাইভারকে মুক্তির আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
কাউখালীতে একটি খামার প্রকল্পে আনন্দ মিছিল
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপকার ভোগীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পকে স্থায়ী রূপ দিতে পল্লী সঞ্চয় ব্যাংকে প্রদান করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে আনন্দ মিছিল ও আলোচনা সভায় করেন। এ সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, পিরোজপুরের একটি বাড়ী একটি খামার প্রকল্পের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রিপন চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
ধোবাউড়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল সোমবার ধোবাউড়া আদিবাসী রিসোর্স ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০১৩ উদ্যাপনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এআরডিও’র নির্বাহী পরিচালক মিঃ বাসর দাংগ-এর সভাপতিত্বে “সৈরতাকে প্রতিবাদ কর এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধ কর” প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক, কারিতাস সমাজ উন্নয়ন কর্মকর্তা মিঃ পৌল পালু নকরেক, প্রাক্তন প্রধান শিক্ষক মিঃ হেরিশ ঘাগ্রা, প্রেসক্লাব সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
রাজাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা গতকাল রবিবার বিকাল ৪টায় সাংগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা যুবদল সভাপতি নাসিম উদ্দিন আকন।
