নালিতাবাড়ীতে শীত নেমে গেছে, দোকানে লেপ তৈরির ধুম

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৫২
নালিতাবাড়ী উপজেলায় শীত নেমে গেছে। সন্ধ্যা থেকেই শীত আর ঘন কুয়াশা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে থাকে ছিন্নমূল মানুষের কষ্ট। শীত বাড়ার ফলে লেপ-তোষকের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদেরও। পাহাড়ি এলাকায় হতদরিদ্র মানুষের জন্য শীত আসে নতুন আতংক হয়ে। এবার শীত কিছুটা আগাম আসায় বিত্তবান এবং মধ্যবিত্তরাও ভিড় করছেন লেপ-তোষকের দোকানে। সূত্র মতে, শুধু দোকানে নয়, লেপ তৈরি করে গ্রামে-গ্রামে এবং শহরেও ফেরি করে বিক্রি করছে একশ্রেণীর মানুষ। নালিতাবাড়ীর লেপ-তোষকের বড় ব্যবসায়ী দুলাল মিয়া জানান, তুলা, কাপড় এবং মজুরি মিলিয়ে একটি লেপ তৈরিতে খরচ পড়ছে ১২শ’ থেকে ১৫শ’ টাকা। তবে তুলা এবং কাপড়ের দাম বেড়ে গেলে লেপ-তোষকের দাম আরো বাড়বে।