কুমিল্লায় ডাকাতি ও খুন

জড়িতদের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের আল্টিমেটাম

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৫৪
কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি ও গুলিতে কর্মচারি নিহত হওয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়ে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দাখিল করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার কুমিল্লা দোকান মালিক সমিতি ও জুয়েলারী মালিক সমিতির নেতৃবৃন্দসহ নগরীর ব্যবসায়ীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে এ স্মারকলিপি দাখিল করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্মারকলিপি সূত্রে জানা যায়, নগরীর ছাতিপট্টি এলাকায় হাজী জনাব খান জুয়েলারীতে গত শনিবার সন্ধ্যায় মুখোশধারী ডাকাতদল ফিল্মি স্টাইলে ৭০/৮০টি হাতবোমা-ককটেল ফাটিয়ে হামলা ও ব্যাপক ভাংচুর করে দোকানের ৩০০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এসময় ডাকাতদের গুলিতে কারিগর গোপাল চন্দ্র সরকার ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার বা জড়িতদের গ্রেফতার করতে পারেনি।