দলে ফিরলেন জহির খান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০১
বহুল আলোচিত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় নির্বাচকরা সোমবার টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছেন। এতে চমক হয়ে এসেছে প্রায় এক বছর পর দলে পেসার জহির খানের অন্তর্ভুক্তি। তবে আগামী ৫ ডিসেম্বর শুরু হওয়া এ সফরে কোন দলেই জায়গা হয়নি ওপেনার গৌতম গম্ভীরের। দীর্ঘ দিন ধরে ফিটনেস সমস্যায় ভুগতে থাকা জহির গত বছর বাদ পড়েন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে। তবে চলতি মৌসুমে রনজি ট্রফিতে ৩৫ বছর বয়সী জহির ১৯.৮৪ গড়ে তিন ম্যাচে শিকার করেন ১৩ উইকেট। এরই ফলাফল হিসেবে ডাক পেলেন দক্ষিণ আফ্রিকা সফরে। তবে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ গ্রেডের অন্তর্ভুক্ত ওপেনার গম্ভীর চলতি রনজি মৌসুমে গড়ে ৭৪ রান করেও দলে জায়গা পাননি। দল নির্বাচক কমিটির বৈঠক শেষে বিসিসিআই সম্পাদক সঞ্জয় প্যাটেল এক বিবৃতিতে বলেন, ‘তার (গম্ভীর) বিষয়ে আলোচনা হয়েছে, মূলত আমরা অনেক বিষয়েই আলোচনা করেছি। এমনকি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমেই সকল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।’ ঘরোয়া মৌসুমে দারুণ সফল বারোদা ব্যাটসম্যান আম্বাতি রাইদু টেস্ট ও ওয়ানডে উভয় দলেই সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজের দলে থাকা ২৮ বছর বয়সী রাইদু ভারতের হয়ে এ পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন। অপরদিকে বিরেন্দ্রর শেবাগ ও হরভজন সিংয়ের মত অভিজ্ঞ খেলোয়াড়রা এবারো দলের বাইরেই থাকলেন। বেশ কিছুদিন ধরেই দলে জায়গা ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত পেসার ইশান্ত শর্মাও শেষ পর্যন্ত টেস্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই নিজের জায়গা অক্ষুণ্ন রাখতে পেরেছেন। রবিবার রনজি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ী ম্যাচে দিল্লির হয়ে ৯ উইকেট শিকার করেন ইশান্ত। হরিয়ানার তরুণ পেসার মোহিত শর্মাও ১৬ সদস্যের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। দুর্বল ফর্মের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজে জায়গা না পাওয়া অপর ফাস্ট বোলার উমেশ যাদবের গতির কথা বিবেচনা করে তাকেও নেয়া হয়েছে দলে। সব মিলে টেস্ট দলে রয়েছেন সাত জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, দু’জন উইকেটরক্ষক, পাঁচ পেসার এবং একমাত্র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শিখর ধাওয়ান ও মুরালি বিজয় ওপেনার হিসাবে নামলে টেন্ডুলকারের জায়গায় চার নম্বরে বিরাট কোহলি খেলবেন বলে ধারণা করা হচ্ছে। চেতেশ্বর পুজারা তিন নম্বরে আর রোহিত শর্মা পাঁচ নম্বরে ব্যাটিং করবেন এবং টিম কম্বিনেশন মিলিয়ে এরপর ব্যাট করবেন আজিঙ্কা রাহানে অথবা রবীন্দ্র জাদেজা। জহির খান সেরা একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদবের মধ্যে দু’জনকে বাদ পড়তে হবে। রবিচন্দ্রন অশ্বিন স্পিন বোলিংয়ের নেতৃত্ব দেবেন এবং আট নম্বরে ব্যাট করবেন বলে ধারণা করা হচ্ছে। আর পিচ কন্ডিশনের ভিত্তিতে প্রাজ্ঞন ওঝাও সুযোগ পেতে পারেন। শচিন টেন্ডুলকারের অবসরের পর প্রথমবারের মত মাসব্যপী এ বিদেশ সফরে ভারতীয় দল তিনটি ওয়ানডে এবং দুটি টেস্টসহ মোট পাঁচটি ম্যাচ খেলবে। আগামী ৫, ৮ এবং ১১ ডিসেম্বর যথাক্রমে জোহানেসবার্গ, ডারবান এবং সেঞ্চুরিয়নে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর নিউ ওয়ান্ডারার্সে। আর ‘বক্সিং ডে’ টেস্ট ডারবানে ২৬ ডিসেম্বর শুরু হবে। টেস্ট দল:মহেন্দ্র সিং ধোনি (অধি:), মরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইদু, ঋদ্দিমান সাহা, জহির খান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, প্রাজ্ঞন ওঝা। ওডিআই দল:মহেন্দ্র সিং ধোনি (অধি:), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেশ যাদব, আম্বাতি রাইদু, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহিত শর্মা, অমিত মিশ্র।