নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইল হকির আন্দোলনকারীরা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০৩
হকির বর্তমান পরিস্থিতি জানাতে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সাথে দেখা করবে মোহামেডান নেতৃৃত্বাধীন ক্লাবগুলো। হকি খেলোয়াড় ও ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত খেলোয়াড় কর্মকর্তারা গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে অবস্থান ধর্মঘট করে। তিন দিনের কর্মসূচির মধ্যে গতকাল অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে শেষ হয়। হকি ফেডারেশন যে সব খেলোয়াড় কর্মকর্তাদের বহিষ্কার করেছিল তারা ছাড়াও জাতীয় দলে খেলা তারকারাও উপস্থিত ছিলেন। হকি লিগের বিভিন্ন দলের খেলোয়াড় এবং বাইরের জেলা থেকেও খেলোয়াড় কর্মকর্তা যোগ দেন ধর্মঘটে। আন্দোলনকারীদের পুরোন দাবিটাই বক্তব্যে উঠে এসেছে। তাদের দাবি, হকির বর্তমান কমিটি ভেঙ্গে এডহক কমিটি করতে হবে। আন্দোলনকারীরা ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লার পদত্যাগ দাবি করেন। সব ক্লাবকে নিয়ে দলবদলে অংশগ্রহণ করতে চান বলে জানিয়েছেন। খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন জিমি, চন্দন, জাহিদ, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রিন্স, সভাপতি রাসেল খান বাপ্পী ছাড়াও হাসান উদ্দিন শিমুল, নাজমুল ইসলাম নাজু, রাজশাহীর রইস উদ্দিন বাবু প্রমুখ। রাসেল মাহমুদ জিমি বলেন, ‘বর্তমান কমিটি একের পর এক খেলোয়াড়দেরকে বহিষ্কার করে হকি ধ্বংস করে দিচ্ছে। হকিকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করছি।’ আসাদুজ্জামান চন্দন বলেন, ‘বর্তমান কমিটি নিজেদের চেয়ার রক্ষায় আমাদের খেলোয়াড়দের ধ্বংস করে দিচ্ছে।’ মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া হকি ফেডারেশনের সভাপতির উদ্দেশ্যে বলেন, ‘এটা প্রহসনের দলবদল আপনি এই খেলা বন্ধ করুন।’ অন্যান্য ক্লাবগুলোর উদ্দেশ্যে বলেন, আপনারা খেলোয়াড়দের পাশে থাকুন। আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যাবো। উনাকে সব কিছু বলব। উনি ভালো করলে, ভালো। না হলে কঠোর আন্দোলনে যাবো।’