সামসুর রহমান
কুষ্টিয়ার কুমারখালি এমএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কুমারখালি পাবলিক লাইব্রেরির অবৈতনিক লাইব্রেরিয়ান সামসুর রহমান (৬৬) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। সাহিত্য ও সংস্কৃতিসেবী অকৃতদার সামসুর রহমান কুমারখালির সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন।
রাবেয়া সিরাজ
কথাশিল্পী, প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক রাবেয়া সিরাজ (৮১) বার্ধক্যজনিত কারণে গতকাল রাজধানীর বারিধারার ডিওএইচএসে তার বড় মেয়ে রিফাত নিগার শাপলার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক শাবান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। আমাদের সময় পত্রিকার সম্পাদক কবি আবু হাসান শাহরিয়ার তার ছেলে।
আবদুল মান্নান মিয়ান
চট্টগ্রামের শিক্ষাবিদ, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক আবদুল মান্নান মিয়ান (৯২) বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল মুরাদপুরের বশর বিল্ডিংস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলা সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
কমলা রানী বনিক
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী শেখর দত্ত বনিকের মা কমলা রানী বনিক (৮০) বার্ধক্যজনিত কারণে গত রবিবার পৌরসভার বেকীনগর (সুন্দরদী) মহল্লায় নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৬ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
কে এম ইউসুফ আলী
গাইবান্ধা সদরের উত্তরণ প্রেসের স্বত্ত্বাধিকারী ডেভিড কোম্পানিপাড়ার বাসিন্দা কে এম ইউসুফ আলী (৬২) হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার বগুড়ার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
