গ্যাস সঙ্কটে গার্মেন্টসে দিনে ক্ষতি ১শ’ কোটি টাকা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৫৭
চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকটের কারণে শুধু গার্মেন্টস খাতেই প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। উত্পাদন ব্যাহত হওয়ায় রডের মূল্য টনপ্রতি ৫/৬ হাজার টাকা বেড়ে গেছে। বর্তমানে চরম গ্যাস সংকট ও সরবরাহ স্বল্পতার কারণে বাণিজ্য ও শিল্পনগরী চট্টগ্রামে রপ্তানিমুখী শিল্প-কারখানাসমূহে চরম নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিল্প কারখানায় উত্পাদন মারাত্মক ব্যাহত হওয়ায় বিদেশি অর্ডার বাতিল হওয়ার উপক্রম হয়েছে। বিনিয়োগকৃত হাজার হাজার কোটি টাকার ক্যাপিটাল মেশিনারিজ বিনষ্ট হওয়া ছাড়াও ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে দেউলিয়াত্বের সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র প্রয়োজনীয় উদ্যোগ ও বিমাতাসুলভ আচরণের কারণে এতদাঞ্চলের গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বাখরাবাদ থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে পরিবর্তিত হলেও গত কয়েক বছরে চট্টগ্রামে এক ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি পায়নি। গতকাল সোমবার চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত জরুরি সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন শিল্প-কারখানার মালিক ও এসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, কাফকো ও সিইউএফএল-এ যে পরিমাণ সার উত্পাদিত হয় তা আমদানি করা অনেক সাশ্রয়ী। এ দু’টি সার কারখানায় গ্যাস সরবরাহ না করে চট্টগ্রামের অন্যান্য শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ করা অনেক বেশি লাভজনক। চট্টগ্রামে গ্যাসের যে চাহিদা সে তুলনায় অর্ধেক সরবরাহ করা হয়ে থাকে। চট্টগ্রামে ৪০০ মিলিয়ন ঘনফুটের স্থলে ২০০-২২০ ঘন ফুট গ্যাস সরবরাহ করা হয়। ১৯৮৪ সাল থেকে একটি মাত্র সরবরাহ লাইন দিয়ে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রামের মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিদের এ ব্যাপারে নীরব ভূমিকারও সমালোচনা করেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমদ জানান, আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন চালু হলে চট্টগ্রামে গ্যাস সংকট অনেকটা কমে যাবে। গ্যাস সংকট উত্তরণে চট্টগ্রাম চেম্বার ১৭ দফা প্রস্তাব সাংবাদিকদের নিকট তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিইউএফএল’র এমডি আবু জামাল, কাফকোর মহাব্যবস্থাপক এবিএম নাজমুল আলম, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ চৌধুরী, এনামুল হক ইকবাল, এমএ ওহাব প্রমুখ।