সাম্প্রদায়িক দাঙ্গা করলে কাঠগড়ায় দাঁড়াতে হবে

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৫৯
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সামরিক সরকারগুলোর সহযোগিতায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীরা তিল তিল করে এই দেশে শক্তি স্থাপন করেছে। আজ তারাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। তিনি আরো বলেন, ৪২ বছর পরেও মানবতাবিরোধী অপরাধীদের যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, তেমনি যারা সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা করে সহিংস ঘটনার সৃষ্টি করবে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গত শনিবার দুপুরে অমরাবতী নাট্যমঞ্চে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক নিমচন্দ ভৌমিক, কাজল দেবনাথ প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।