শীর্ষ নেতাদের গ্রেফতার করতে তালিকা হয়েছে

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৫৯
১৮ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্যে জোটের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করতে প্রধানমন্ত্রী তালিকা তৈরি করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বিএনপির আন্দোলন মামলা দিয়ে দমন করা যাবে না। বরং আমাদের বলেন কখন, কোন সময় কোন থানায় আমাদের যেতে হবে, আমরা যেতে প্রস্তুত। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ধানের শীষ সমর্থক ফোরাম’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মো. রহমাতুল্লাহ প্রমুখ। নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশে ফারুক বলেন, বিএনপিকে বাদ দিয়ে তফসিল ঘোষণা করা হলে তারপর থেকেই সারা দেশে হরতাল-অবরোধ-অসহযোগের ডাক দিয়ে দেশ অচল করে ফেলা হবে।