রায় ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের চার দিনের রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে রিমান্ড থেকে ফখরুলকে তাত্ক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন হলে তাকে জেলগেটে জিজ্ঞসাবাদ করতে পারবে। রিমান্ড বাতিলের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এছাড়া রিমান্ড আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আদালতে ফখরুলের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত এক অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তবে প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণার পূর্বেই তা ফাঁস হয়ে যায়। পরে এই রায় ফাঁসের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় গত ২০ নভেম্বর সেগুন বাগিচার পাইওনিয়ার রোডের চেম্বার থেকে ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠায় ম্যাজিস্ট্রেট আদালত। ওই রিমান্ড আদেশ বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন ফখরুল। গতকাল এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।
