সন্দ্বীপে এমপির বাড়িতে হামলার প্রতিবাদে আজ চট্টগ্রামে হরতাল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০০
সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে সন্ত্রাসী হামলা ও সংসদ সদস্যের ছেলে ইকবাল পাশা জাবেদকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরী ও জেলায় পূর্ণদিবস হরতাল ডেকেছে বিএনপি। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনি পরীক্ষা হরতালের আওতামুক্ত। গুলিবিদ্ধ ইকবাল পাশা জাবেদের অবস্থা আশঙ্কাজনক। সংকটাপন্ন অবস্থায় গতকাল বিকালে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মোস্তফা কামাল পাশা এমপি জানান, ইকবালের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়েছে। যে কোনো মুহূর্তে তার ফুসফুস অকেজো হয়ে যেতে পারে বলে চিকিত্সকরা আশঙ্কা করছেন। সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি দলের প্রত্যক্ষ সহযোগিতায় ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিএনপি এমপি মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা হয়েছে। জনবিচ্ছিন্ন সরকার সন্ত্রাস ও প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে যে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে তাকে সুগম করার জন্যই এ হামলা হয়েছে। হামলার ব্যাপারে প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হলেও তাদের এগিয়ে না আসার বিষয়টি রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল পাশা এমপি অভিযোগ করেনঃ আগের দিন রবিবারের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ করে উচ্চমহলের ইঙ্গিতে শাহজাহান, জামাল ও টিটু বাহিনীর সন্ত্রাসীরা অর্ধশতাধিক জলদস্যু ভাড়া করে আমার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ১৫টি মোটরসাইকেলে করে এসে হাজার হাজার রাউন্ড গুলিবর্ষণ করে। আমাকে বাঁচাতে গিয়ে আমার ছেলে জাবেদ গুলিবিদ্ধ হয়। তিনি বলেনঃ আমি প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডকে হামলা হতে পারে বলে বারবার জানিয়েছি। আমার বাড়ি থেকে ১ হাজার ফুট দূরে কোস্টগার্ডের ঘাঁটি। হামলার সময় পুলিশকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি। সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম ফজলুল হক, অধ্যাপক এমডি কামালউদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।