স্পিকারের সাথে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাত্

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০২
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ট্রিংকোয়ের গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দু-দেশের সংসদীয় কার্যক্রম ও কার্যপদ্ধতি নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন। তিনি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বশান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। বিশ্বব্যাপী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ বিভিন্ন সেক্টরে উচ্চপর্যায়ে নারীর অবস্থান নারী উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।