বিএনপি নেতা হান্নান শাহ গ্রেফতার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:১৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে। গতকাল রাত ৯টার দিকে বারিধারায় নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম। তবে কোন্ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাত্ক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল রাতে রাজধানীর উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ১০টি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া বাড্ডায় পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে একটি বাস দ্রুত চলে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব নাশকতার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসব ঘটনায় একজন ফটোসাংবাদিকসহ অন্তত ৩ জন আহত হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। রাত ১১টার দিকে বারিধারায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাটারা থানার এসআই মাজহারুল আমিন জানিয়েছেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জানা গেছে, বাড্ডায় ককটেলের বিস্ফোরণের পর রাস্তায় যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং দ্রুত ওই এলাকা ত্যাগ করার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে ঢাকা সিএনজি নামের একটি ফিলিং স্টেশনের সামনে তুরাগ পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয় বলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল জানান। তবে তাত্ক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত্ বিস্ফোরণের শব্দে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট আগুন নেভায়। রাত পৌনে ৯টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি গাড়িতে আগুন দেয়া হয়। রাত ৮টার দিকে গাবতলীতে একটি বাসে আগুন দেয়া হয়। বাংলামোটরে রাত সাড়ে ৮টার দিকে একটি সিএনজি অটোরিক্সা এবং রাত ৯টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন দেয় দুর্বৃত্তরা। রামপুরার হাজীপাড়ায় রাত ৯টার দিকে একটি পিকাপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। রাত সোয়া ৯টার দিকে ফার্মগেট পুলিশ বক্সের কাছে পুলিশের একটি বাসে আগুন দিয়ে পালায় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টায় মালিবাগে এবং পৌনে ১১টায় পোস্তগোলায় আরও দু’টি বাসে আগুন দেয়ার কথা জানায় ফায়ার সার্ভিস। এদিকে রাত পৌনে ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৫টি, মহাখালী, পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, গেন্ডারিয়া, ইসলামপুর ও বাবুবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে রাত পৌন ৮টার দিকে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে দু’টি ককটেল ছোড়া হয়। এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও দেশ টিভির গাড়ি চালক আবদুল মালেক আহত হন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে মহাখালী পুলিশ বক্সের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে মহাখালী ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণে আহত হন বাংলানিউজ’র ফটো সাংবাদিক জাহিদ সায়মন। এছাড়া মৌচাক, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলে গুলশান সংযোগ সড়ক, গ্রীনরোড, আজিমপুর কবরস্থানের পাশে, ঢাকা ক্লাবের সামনের এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত সোয়া ৮টার দিকে বাসাবো এলাকায় ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। এসময় মিছিলের কাছে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কারা এই বিস্ফোরণ ঘটায় তা নিশ্চিত হওয়া যায়নি। সদরঘাট ও হাতিরপুল এলাকায় রাতে চার-পাঁচটি যানবাহন ভাংচুর করা হয়। রাত সোয়া ৮টার দিকে টিএসসির পূর্বপাশের গেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এরপরই রাজু ভাষ্কর্যের পাশে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কেউ আহতও হয়নি। বৃহস্পতিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল বিডিনিউজ জানায়, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ’র গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপি আগামী বৃহস্পতিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ খুলনা অফিস জানায়, তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াত ১৩টি ককটেল বিস্ফোরণ ও ৭টি গাড়ি ভাংচুর করেছে। তফসিল ঘোষণার পর নগরীতে যানবাহন চলাচল শূন্য হয়ে পড়ে। দোকান পাট সব বন্ধ হয়ে যায়। গাইবান্ধা প্রতিনিধি জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে জামায়াত-শিবির কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শহরের মহেষপুর এলাকায় একটি বাস ভাংচুর এবং সড়ক ও জনপথ অফিসের সামনে একটি মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর মহাসড়কে অঘোষিতভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পিরোজপুর অফিস: রাতে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করলে আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। পোষ্টঅফিস রোডে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে সাংবাদিকসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। সিলেট অফিস: সিলেট মহানগরীতে গাড়ি, দোকানপাট ভাংচুর করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। নগরীর সোবহানীঘাটে আওয়ামী লীগ অফিস লক্ষ্য করেও ককটেল ছোঁড়া হয়। এছাড়া ধোপাদীঘিরপাড়ে জাতীয় পার্টির (জাপা) অফিসে আগুন ধরিয়ে দেয়া হয়। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার এলাকায় ১৮ দল নেতাকর্মীরা অনেকগুলো দোকান ও গাড়ি ভাংচুর করেছে। এসময় আতংকে বিভিন্ন মার্কেট, দোকানপাট মুহূর্তে বন্ধ হয়ে যায়। নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া: সোমবার রাত ৮টায় শহরের টিএ রোড, পৌর মার্কেট সংলগ্ন এলাকা, স্টেশন রোডসহ কয়েকটি স্থানে বিকট শব্দে ১৫/২০টি ককটেল বিস্ফোরিত হলে জনমনে ব্যাপক আতংক সৃষ্টি হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। টিএ রোডে এবং জেলা পরিষদের সামনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। শ্রীপুর (গাজীপুর): ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা শ্রীপুর পৌর শহর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও মাওনা চৌরাস্তার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিলকারীরা শ্রীপুর পৌর শহরে ৫টি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে। বগুড়া: বগুড়ায় বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ রাবার বুলেট কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ককটেলের আঘাতে আহত হন পুলিশের ট্রাফিক পরিদর্শক মিরাজ। ডলার নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে। ৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলার শেরপুরে উপজেলা নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়ে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে ১৮ দলীয় জোটের কর্মীরা। এছাড়াও সোনতলা উপজেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট। রাজশাহী অফিস :রাত সোয়া ৮টার দিকে নগরীর ভুবন মোহন পার্ক এলাকা থেকে বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেববাজার প্রদক্ষিণ করে। পরে মিছিল থেকে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। মিছিলকারীরা পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। এসময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৩৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম খান জানান, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে, জেলা প্রশাসন চাইলে মাঠে নামানো হবে। রংপুর :গতকাল রাত থেকে বাস মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। নীলফামারী: নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে শত শত বিএনপি নেতাকর্মী। দলীয় কার্যালয় থেকে বিক্ষুব্ধ নেতাকর্মী শহরে মিছিল বের করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। সেনবাগ (নোয়াখালী): নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা একটি প্রাইভেট কার ও ৩টি অটোরিকশা ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। চট্টগ্রাম অফিস: নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পরপরই গতকাল সোমবার রাতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। অন্যদিকে তফসিল ঘোষণার পর সংবাদকর্মীরা বিএনপি কার্যালয়ে ভিড় জমালেও নেতা-কর্মীদের দেখা যায়নি। ঈশ্বরদী (পাবনা): প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার আগে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করে যার যার বাড়িতে ঢুকে পড়ে। রাত আটটার মধ্যেই ঈশ্বরদী শহর জনশূন্য হয়ে পড়ে। মুন্সীগঞ্জ: রাতে শহরের শ্রীপল্লী মোড়ে এবং পিটিআই চত্বরে ২টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এর কিছু পরে রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় একটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। গৌরীপুর (ময়মনসিংহ): বিএনপির মিছিল নিয়ে ধানমহলে মুখোমুখি হলে সেখানে সংঘর্ষ বাঁধে। আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী ধাওয়া- পাল্টা ধাওয়ায় শহর রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ইন্সপেক্টর হামিদুল ইসলাম (৫৫), সাব-ইন্সপেক্টর (এসআই) নূরুল ইসলাম (৫০), কনস্টেবল জাহাঙ্গীর আলম ও বিএনপির এএফএম নজমুল হুদা গ্রুপের আরও ৬ জন আহত হয়। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাকে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। নোয়াখালী: গতকাল রাত সাড়ে ৮ দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের জিলা স্কুলের সামনে মটর সাইকলে আগুন, ব্যাংক ও দোকান পাটে ইট পাটকেল নিক্ষেপ, ট্রাক ভাংচুর, সড়কে টায়ার ও চকি পেলে আগুন জ্বালিয়ে দেয় ১৮ দল সমর্থিত কর্মীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশের গুলিতে আবুল কালাম নামের রিক্সা চালক গুলিবিদ্ধ হয়। হবিগঞ্জ: শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় শায়েস্তানগর এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিআর গ্যাস সেল নিক্ষেপ করে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, নির্বাচনী তফশিল ঘোষণার সাথে সাথেই দিনাজপুরে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও শহরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। দিনাজপুর-রংপুর এবং দিনাজপুর-ঠাকুরগাঁও মহাড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।