আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে গতকাল সোমবার দুপুর থেকে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দফতর সহিংসতা প্রতিহত করতে সারাদেশে আইন-শৃংখলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সন্ধ্যায় রাজধানীতে বিজিবি সদস্যদের মোতায়েনের পর তাদের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, রাজধানীর সার্বিক নিরাপত্তায় পুলিশ-র্যাবকে সহায়তা করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে ২০ প্লাটুন বিজিবি সদস্য ঢাকায় টহল দিচ্ছে। র্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব প্রস্তুত রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, সহিংসতা এড়াতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। পোশাকধারী রাজধানীর যেসব স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড বেশি হয় সে সব এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
