রাজশাহী মহানগরীর কেদুর মোড়ে স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা হয়েছে। থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রধান আসামি সাইদুর রহমান ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।
নিহতের পিতা মনসুর আলী জানান, মনোমালিন্যের কারণে আব্দুর রাজ্জাকের স্ত্রী প্রায় দুই বছর ধরে বাবার বাড়ি নগরীর কয়েরদাঁড়ায় বসবাস করতেন। একই এলাকার বাসিন্দা সাইদুর রহমানের সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইদুর ও রাজ্জাকের বাকবিতণ্ডা হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজ্জাক পাড়ার মোড়ে আড্ডা দেয়ার সময় সাইদুরসহ ৫/৬ সন্ত্রাসী আকস্মিক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা রাজ্জাককে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
