৬ মার্চ থেকে ৩ দিনের কর্মসূচি

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৩১
আগামী ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১ বছর পূর্তি। গত বছর এই দিন বিকালে ঘাতকরা তাকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে শীতলক্ষ্যা নদীর খালের পাড়ে ফেলে রাখে। ত্বকী হত্যার ১ বছর পূর্তি উপলক্ষে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় ত্বকীর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, বাদ জোহর রফিউর রাব্বি’র শায়েস্তা খাঁ সড়কস্থ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণীতে অতিথি থাকবেন কামাল লোহানী। ৭ মার্চ শুক্রবার বিকাল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচায় দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হবে। ত্বকী মঞ্চ থেকে প্রকাশিত ত্বকীকে নিয়ে বিভিন্ন লেখক ও কবির প্রবন্ধ ও কবিতা, ত্বকীর লেখা বাংলা ও ইংরেজি কবিতা, ছোটগল্প, নিবন্ধ এবং বিভিন্ন ছবিসংবলিত স্মারকগ্রন্থ ‘জনান্তিকে ত্বকী’ ও মফিদুল হকের সম্পাদনায় সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত ত্বকীর লেখা বাংলা ও ইংরেজি কবিতা, ছোট গল্প, নিবন্ধ এবং বিভিন্ন ছবি সংবলিত গ্রন্থ ‘ত্বকীর বই’। প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা করবেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, ড. শফিউদ্দিন আহমদ। ৮ মার্চ শনিবার বিকাল ৪টায় চাষাড়াস্থ কেন্দ ীয় শহীদ মিনারে মা ও শিশু সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট সুলতানা কামাল।