টাংগুয়ার হাওর রক্ষা করুন

আপডেট : ২১ মে ২০১৯, ২১:২৭

সুনামগঞ্জ জেলার টাংগুয়ার হাওরে অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে সকল প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এই হাওর অনেকগুলি বিল নিয়ে গঠিত। এখানে প্রতিদিন শত শত জেলে কারেণ্ট জাল, বেড় জাল দিয়ে মা মাছ, ডিমওয়ালা মাছ, পোনা মাছসহ সকল প্রজাতির মাছ নির্বিচারে নিধন করে চলেছেন। এ অবস্থা চলতে থাকলে টাংগুয়ার হাওর একসময় মাছশূন্য হয়ে যাবে। বিশাল এই হাওরকে ব্যক্তি মালিকানায় স্থানীয় মত্স্য চাষি, জেলেদের লিজ দিয়ে মত্স্য বিভাগের পরামর্শ ও সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে মাটি খনন করে মাটি, পানি, তাপমাত্রা পরীক্ষা করে ঐ এলাকার আবহাওয়া পরিবেশ উপযোগী দেশি মাছ যেমন রুই, কাতলা, আইড়, কই, শিং, মাগুর ইত্যাদি প্রজাতির মাছ চাষ করলে অত্যন্ত লাভজনক হবে। দেশি প্রজাতির মাছ দেশে-বিদেশে অত্যন্ত দামে চড়া বিক্রি হয়। এভাবে সারা দেশের হাওর-বাঁওড়গুলিকে সংস্কার করে ব্যক্তি মালিকানায় স্থানীয় মত্স্য চাষি, জেলেদের কাছে লিজ দিয়ে মাছ চাষ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। হাওর-বাঁওড় খনন, মাছ চাষ, মাছ ধরা, মাছ পরিবহনের জন্য ইঞ্জিন নৌকা, কার্গো ইত্যাদিতে মাছ লোড-আনলোড করা, মাছ প্রক্রিয়াজাতকরণ, লঞ্চ, ইঞ্জিন নৌকা ইত্যাদিতে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য বেকার জনগোষ্ঠীর কর্মসস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট