বর্ধিত ফি প্রত্যাহার দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয় অচল

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:৪৯
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ সেশনে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার শুরু হয়েছে দু’দিনব্যাপী ছাত্র ধর্মঘট। ধর্মঘট চলবে আজ সোমবার বিকেল পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারি প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে এই ধর্মঘটের কর্মসূচির ডাক দেয়া হয়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, মূল ফটক ও ক্যাম্পাসের ৪টি ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। বিপাকে পড়েন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। ধর্মঘটে বন্ধ ছিলো সব ক্লাস এবং পরীক্ষা। অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান ও সমাবেশ কর্মসূচি পালন করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উত্পল কুমার মোহন্ত, ছাত্র ইউনিয়নের নাসির হোসেন, নাসিরউদ্দিন, রাজিব আহমেদ, মনিরা খাতুন, মনোয়ার হোসেন, আর.কে মিলন প্রমুখ। তারা বলেন, চলতি সেশনে গত বছরের তুলনায় বেতন প্রতি ক্রেডিটে ৩৫ থেকে ৫০ টাকা, হল এ্যাটাচমেন্ট বাবদ ১ হাজার টাকা এবং অন্যান্য নিয়মিত খাতে সর্বমোট প্রায় ১ হাজার ৭শ’ টাকা বাড়ানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এভাবে ফি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার দ্বার রুদ্ধ হবে। তারা ২০১৩-১৪ সেশনে বর্ধিত ফি প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।