টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র

নিজের আঘাতে আহত আরো এক কিশোর

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:৪৯
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আবারো এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথায় আঘাত করেছে। উন্নয়ন কেন্দ্রের আহত ওই কিশোরের নাম মো. সজিব (১৭)। গত ১২ ফেব্রুয়ারি মধ্য রাতে উন্নয়ন কেন্দ্রের ২০ কিশোর নিজেদের দেহের বিভিন্ন অঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে গণ-মাধ্যমে সংবাদ প্রচারের পর তোলপাড় সৃষ্টি হয়। টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার রাত দেড়টায় টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের সজিব নিজের মাথায় ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। কর্তৃপক্ষ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের আবাসিক চিকিত্সক মাহবুবুর রহমান চৌধুরী জানান, আহত সজিবের মাথায় গভীর জখমের সৃষ্টি হয়েছে। তাকে চিকিত্সা দিয়ে উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। সে এখন সুস্থ আছে।