বিমসেটক সম্মেলনে যোগ দিতে আজ মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। দেশটির রাজধানী নেই পি তাও-এ তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেয়াই এই সফরের উদ্দেশ্য। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশের আঞ্চলিক ফোরাম-বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনমিক কো-অপারেশন) যাত্রা শুরু করে ১৯৯৭ সালে। ২০০৪ সালে ব্যাংককে প্রথম ও ২০০৮ সালে নয়দিল্লীতে দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়া বিমসটেক-এর অপর ছয়টি সদস্য দেশ হচ্ছে- ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে আজ ৩ মার্চ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগ দিচ্ছে। গতকাল অনুষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শীর্ষ সম্মেলনের সাইড লাইনে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, শ্রীলংঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসেসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অং সান সূচির সঙ্গে সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি। বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে ইশতেহার অনুমোদন এবং ৩টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। এগুলো হচ্ছে- (১) ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক, (২) ভারতের আবহাওয়া ও জলবায়ু বিমসটেক সেন্টার প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং (৩) ভুটানে বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরী প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)। শীর্ষ সম্মেলনের পর ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় কার্যকর হবে। বাংলাদেশ সরকার সচিবালয়ের জন্য ইতোমধ্যেই ঢাকায় জমি বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী আজ সোমবার সকাল আটটা দশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং মঙ্গলবার রাত নয়টা দশ মিনিটে ঢাকা ফিরে আসবেন।