আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আন্দোলনের নামে কেউ সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের হাত পা কেটে দেয়া হবে। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ঠাঁই হবে না। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আমরা মেয়াদ পূর্ণ করবো। পাঁচ বছর পর সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।
গতকাল রবিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উপজেলা নির্বাচনের পর সরকার পতনের আন্দোলন শুরু হবে’ মর্মে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের জবাবে শেখ সেলিম আরো বলেন, এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটানো যাবে না। বরং গণতান্ত্রিক সরকারের পতন যারা ঘটাতে যাবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবেন না। শেখ হাসিনার অধীনেই তিনি উপজেলা নির্বাচনে এসেছেন। সবাইকে কিভাবে নির্বাচনে আনতে হয় সেটা শেখ হাসিনা দেখিয়েছেন। তিনি বলেন, উপজেলা নির্বাচনের পর খালেদা জিয়ার আন্দোলন মোকাবিলার ক্ষমতা আমাদের আছে। মাঠেই তার প্রমাণ দেব।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সম্মেলন আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।
সম্মেলনের এক পর্যায়ে ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটলেও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তেজগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির চৌধুরী সম্মেলনে বক্তব্য রাখেন।
