চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক ও শিক্ষার্থীদের বাধার কারণে গতকাল রবিবার পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি নার্স ও কর্মচারীরা। মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের প্রতিবাদে কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করতে জড়ো হলে চিকিত্সক ও শিক্ষার্থীরা তাদের মাইক ও ব্যানার কেড়ে নিয়ে নেয়। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
গত শনিবার থেকে কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে। আজ সোমবারও একই দাবিতে তারা অবস্থান ধর্মঘট পালন করবে বলে জানা গেছ। এদিকে গত দু’দিন ধরে কর্মচারী ও নার্সদের ধর্মঘটের কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চিকিত্সা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোগীরা নির্ধারিত সময়ে ওষুধ ও চিকিত্সা সেবা পাচ্ছে না।
