ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে বিরূপ মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদব। তিনি মোদীকে ‘মানবতার হত্যাকারী’ বলেছেন । গতকাল রবিবার এলাহাবাদে এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, মোদী কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মুলায়েম সিং মোদীকে ২০০২ সালের গুজরাটের সামপ্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত উল্লেখ করে বলেন, আপনি মুসলিম সমপ্রদায়ের ওপর গণহত্যা চালাবেন এবং আবার ক্ষমা চাইবেন? মুসলিমদের কি বোকা মনে করছেন? তিনি অভিযোগ করেন, দাঙ্গার সময় মোদী তাকে গুজরাটে যেতে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন, গুজরাটে আসলে তাকে হত্যা করা হতে পারে। কিন্তু তারপরও আমি গিয়েছিলাম। সমাজবাদী পার্টির এই নেতা আরো বলেন, তথাকথিত গুজরাট মডেলের কথা বলা হয়। অথচ ওই মডেল কোনো কাজে আসেনি। বিশেষজ্ঞদের মতে, গুজরাটে সবচেয়ে বেশি নোংরা এবং দুষিত নদী রয়েছে। উল্লেখ্য, মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী।
