খোন্দকার মাহবুবউদ্দিনের দাফন সম্পন্ন

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২৩:২১
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোন্দকার মাহবুবউদ্দিন আহমদকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সুপ্রিমকোর্টের সামনে, নয়াপল্টনস্থ দলের কেন্দ ীয় কার্যালয়ের সামনে, বাদযোহর বায়তুল মোকাররমে এবং বিকাল তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি অফিসের সামনে দলের স্থায়ী কমিটির সাবেক এ সদস্যের জানাজায় ইমামতি করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, এডভোকেট মাসুদ আহমদ তালুকদার, এমএ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে এডভোকেট খোন্দকার মাহবুবউদ্দিন ইন্তেকাল করেন।