আশুলিয়ায় এলাকাবাসীর সঙ্গে র্যাবের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২৩:২১
সাভারের আশুলিয়ায় বাবার জানাজা থেকে ছেলেকে গ্রেফতারকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে র্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার র্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে গাজীরচট গ্রামের আড়িয়ারার মোড়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই এলাকার আলীম উদ্দিন তার বাবা আমিনুল মাতবরের জানাজায় অংশ নেয়ার সময় র্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী র্যাব সদস্যদের ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে র্যাব গুলি করতে উদ্যত হয়। এক পর্যায়ে জনতার রোষের মুখে র্যাব একটি বাড়িতে আশ্রয় নিলে এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে র্যাবের আরো সদস্যরা এসে গুলি ছুঁড়ে অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করতে গেলে গ্রামবাসী ও র্যাব সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় চার র্যাব সদস্যসহ ১০ জন।