অতিরিক্ত ফি আদায় বন্ধ হয়নি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২১:৫৬

সরকারের দেওয়া নির্দেশনার তোয়াক্কা না করেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। কোনো রসিদ না দেখিয়ে বিশেষ ক্লাস, কোচিংসহ নানা খাত দেখিয়ে আদায় করা হচ্ছে এই অতিরিক্ত ফি। বিভিন্ন স্কুলে ফরম পূরণের নামে চলছে রমরমা বাণিজ্য। এ নিয়ে অভিযোগ দিলে শিক্ষার্থীদের ক্ষতি হবে এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। হয়রানি হওয়ার ভয়ে মুখ খুলছেন না পরীক্ষার্থীদের অভিভাবকরা। কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের জিম্মি করে ১৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা আবার কোথাও তা বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অথচ যেখানে সরকার নির্ধারিত ফি (কেন্দ্র ফিসহ) বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৫৬৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ফি আদায়ের বাইরে অতিরিক্ত ফি প্রদানে শিক্ষার্থীদের অভিভাবকেরা হিমশিম খাচ্ছেন। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

রাসেল আহমেদ

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়