২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তিচ্ছুদের কাছ থেকে বিনা রশিদে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। এছাড়া ওই অনুষদে যে সব শিক্ষার্থী ভর্তি হচ্ছেন তাদের একশত টাকার বিনিময়ে অনুষদের ডিনের লেখা একটি রাজনৈতিক মতাদর্শের বই দেয়া হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, যারা ওই অনুষদে ভর্তি হচ্ছেন তাদের কাছ থেকে তিনশত টাকা নেয়া হচ্ছে এবং কলা অনুষদের একটি জার্নাল দেয়া হচ্ছে। এব্যাপারে দায়িত্বরত কর্মকর্তারা জানান, জার্নাল বাবদ দুইশত টাকা এবং অনুষদের কম্পিউটার ল্যাব বাবদ একশত টাকা নেয়া হচ্ছে। তবে এ টাকা আদায়ে কোনো রশিদ দেয়া হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের অন্য কেনো অনুষদে বিনা রশিদে এরকম কোনো খাতে টাকা নেয়া হচ্ছে না। এব্যাপারে অনুষদের ডিন অধ্যাপক আবদুল হাই তালুকদার বলেন, ‘কম্পিউটার ল্যাব ও জার্নালের জন্য তিনশ টাকা নেয়া হচ্ছে। রশিদ দেয়া না হলেও এটার হিসেব আছে। তার লেখা বই বিক্রির ব্যাপারে তিনি বলেন, ‘এটা নেয়া বাধ্যতামূলক নয়। যাদের ইচ্ছে তারা নিচ্ছে।
