কুলাউড়ায় দুর্ভোগে গ্রাহক
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
বজ্রপাতের কারণে কুলাউড়া বিটিসিএল-এর ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি গত ২৮ এপ্রিল থেকে বিকল। এই এক্সচেঞ্জের অধীনে উপজেলার স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, উপজেলা প্রশাসন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, থানা, রেলস্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক টেলিফোন গ্রাহক রয়েছে। এতে গ্রাহক দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বজ্রপাতের কারণে এই এক্সচেঞ্জের যন্ত্রপাতি নষ্ট হয়ে এক্সচেঞ্জটি কার্যকারিতা হারিয়েছে। এক্সচেঞ্জে গিয়ে দেখা যায়, ২০০২ সালে নির্মিত এই এক্সচেঞ্জ ভবনটি বিবর্ণ হয়ে গেছে। ঝোপ-জঙ্গলে ভবনের চারদিক ভরে আছে। সাইনবোর্ডটি পড়তে কষ্ট হয়।
এ ব্যাপারে মৌলভীবাজারের বিটিসিএল-এর জুনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার মিজানুর রহমান ও উপ-মহাব্যবস্থাপক মৃনাল কান্তি দাস জানান, অনেক চেষ্টা করেও এক্সচেঞ্জটি সচল করা সম্ভব হয়নি। পরবর্তীতে চায়না কোম্পানি জেডটিই বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারপরও আজ এই রিপোর্ট লেখার দিন পর্যন্ত কোনো সুরাহা করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আর কতদিন সময় লাগতে পারে তাও তারা সঠিকভাবে বলতে পারেননি।
