আইনানুযায়ী দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছে আদালত। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এর ফলে ওই আটজন আর পূবালী ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত মঙ্গলবার হাইকোর্ট পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে রায় দেয়। ওই পরিচালকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সংক্ষিপ্ত সময়ের জন্য রায় স্থগিত করে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ওই আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহালের পাশাপাশি স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১১ সালের ২২ নভেম্বর ও ৭ ডিসেম্বর এক নির্দেশনায় কোম্পানির পরিচালকদের সংশ্লিষ্ট কোম্পানির কমপক্ষে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করে। যেসব পরিচালকের ওই পরিমাণ শেয়ার নেই, তাদেরকে ছয় মাসের মধ্যে তা অর্জন করতে বলা হয়। ২০১২ সালের ২১ আগস্ট পূবালী ব্যাংকের এজিএমে এই আটজন পরিচালক নির্বাচিত হন। কিন্তু তাদের ২ শতাংশ শেয়ার না থাকায় গত বছরের ১৪ আগস্ট পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরিচালকরা হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে ২০ আগস্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ ও রুল জারি করে। পরদিন নির্বাচনে তারা পরিচালক নির্বাচিত হয়ে যান।
