বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের জোট বিমসটেকের স্থায়ী সচিবালয় আগামী মে মাসে ঢাকায় যাত্রা শুরু করবে। আজ মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিতো-তে সদস্য দেশগুলো এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই করবে। গতকাল সোমবার বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং বিমসটেকের প্রথম সেক্রেটারি জেনারেলের নিয়োগ চূড়ান্ত হয়। শ্রীলঙ্কার কূটনীতিক সুমিত নাকানদালা বিমসটেকের প্রথম সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ পান ও তিনি সহসাই দায়িত্বভার নেবেন। মন্ত্রী পর্যায়ে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বিমসটেকের প্রথম সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান।
