দলীয়দের প্রিজাইডিং অফিসার করা হচ্ছে :রিজভী

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:৫৩
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল অভিযোগ করেছেন, আগামী ১৫, ২৩ ও ৩১ মার্চে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেগুলো থেকে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সরানোর নির্দেশ দেয়া হয়েছে। কারচুপি করতে তাদের স্থলে দল সমর্থিত ব্যক্তিদের দায়িত্ব দেয়া হচ্ছে। সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন। ‘নাশকতাকারীদের হাত-পা কাটা হবে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তারা এখন হাত-পা কেটে দেয়ার কথা বলছেন। কিছু দিন পরে হয়তো প্রাণনাশের হুমকি দেবেন। তিনি বলেন, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আর যারা এ ধরনের হুমকি-ধমকি দেয় তাদেরকে হয়তো একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নয়তো দেশ ছেড়ে পালাতে হবে। ‘বিএনপি এখন ১৯ দল নয়, বিএনপি ২০ দল, আল-কায়েদার নির্দেশনায় চলছেন খালেদা জিয়া’ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগ আমলেই জঙ্গিদের উত্থান হয়। তারা বলছেন, জঙ্গি নির্মূল করেছেন। তাহলে এখন কোথা থেকে জঙ্গিদের আবির্ভাব হলো। জঙ্গিরা প্রিজন ভ্যান থেকে পালিয়ে কোথায় উধাও হয়ে গেলো। সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রমুখ উপস্থিত ছিলেন।