গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
সামান্য বৃষ্টি হলেই গঙ্গাচড়া উপজেলা পরিষদের প্রবেশদ্বার ও মূল সড়কের বিভিন্ন স্থানের গর্তে জলাবদ্ধতা হওয়ায় কাদা পানি একাকার। এ অবস্থায় চরম দুর্ভোগের শিকার পথচারী, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা।
ভুক্তভোগীরা জানান, উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে গঙ্গাচড়া উপজেলা পরিষদের প্রবেশদ্বার পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রায় অর্ধ কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টি হলেই খানাখন্দের কারণে জলাবদ্ধতা হয়। যা বেশ কিছুদিন স্থায়ী থাকে। এ অবস্থায় রাস্তায় হেঁটে, রিকশা কিংবা মোটরসাইকেলে চলাচলকারী পথচারীরা চরম বেকায়দায়।
গঙ্গাচড়া বিএম কলেজের সহকারী অধ্যাপক আশেকুজ্জামান লিটন বলেন, বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল। জরুরিভিত্তিতে রাস্তাটির মেরামত করা দরকার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এজেডএম আহসানউল্লাহ বলেন, রাস্তাটি মেরামতের জন্য তিন/চারবার টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু টেন্ডার জমা পড়েনি।
