হাসপাতাল সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে কমিটি

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:৫৪
রাজধানী ঢাকার হাসপাতাল সংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান খুব শীঘ্রই শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। উচ্ছেদ শেষে পুনর্দখল রোধে ঐ এলাকায় ৭ দিনের জন্য আনসার নিয়োগ করা হবে। সোমবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঢাকার হাসপাতাল সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পুলিশ কমিশনার বেনজির আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, ঢাকা সিটি করপোরেশন (উত্তর) এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনারসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কমিটিতে ঢাকা বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতালগুলোর পরিচালকবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এই সকল অবৈধ স্থাপনাগুলো হাসপাতালের সামনে গড়ে ওঠার কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। এগুলোর মাধ্যমে এই স্থানগুলোতে বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে। এমনকি হাসপাতালগুলোর ওষুধও এখানে বিক্রি হয়। মোহাম্মদ নাসিম বলেন, অভিযান শেষে এই সকল স্থানগুলো পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কোন হাসপাতাল কর্তৃপক্ষ নিজ হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই সময়ে তিনি প্রতিটি হাসপাতালের প্রাচীর সংলগ্ন স্থানে বাগান করাসহ সৌন্দর্য বর্ধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মন্ত্রী উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।