আজই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২৩:১৩
এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কঠিনতম প্রতিপক্ষের নাম পাকিস্তান। অনেকবার কাছে এসেও সেই ১৯৯৯ সালের পর থেকে এই দলটির বিপক্ষে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। এর মধ্যে গত এশিয়া কাপের ফাইনালেই ২ রানে হারের দুঃসহ স্মৃতি এখনও দগদগে ঘা-এর মত অনুভূত হয়। এর মধ্যে বাংলাদেশ দল আবার একাধারে ইনজুরি জর্জরিত এবং আফগানিস্তানের বিপক্ষে বিস্ময়কর হারে শোকাভিভূত। আর এই সব দুঃসহ রেকর্ড, স্মৃতি আর চ্যালেঞ্জ নিয়েই আজ এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে সেই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতলে পাকিস্তানের ফাইনালে যাওয়ার কাগুজে সমীকরণটাও পূরণ হয়ে যাবে। আর বাংলাদেশ এই ম্যাচ বোনাসপয়েন্টসহ জিততে পারলে হয়তো কাগজের সমীকরণে কিছুটা টিকে থাকবে। পাকিস্তান এমনিতেই ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। আজ নিজেদের শেষ ম্যাচে শুধু জয় পেলেই ১৩ পয়েন্ট নিয়ে তারা ফাইনালে চলে যাবে। সঙ্গী হবে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের সমীকরণটাও যে একেবারে শেষ হয়ে গেছে, তা নয়। আজকেরটাসহ শেষ দুই ম্যাচে বাংলাদেশ বোনাস পয়েন্টসহ জিততে পারলে এই পাকিস্তানকেই টপকে ফাইনাল খেলতে পারবে তারা। যদিও পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বোনাসপয়েন্টসহ দুইটি ম্যাচ জেতা এই হতোদ্যম বাংলাদেশের পক্ষে সম্ভব কি না, সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। তবে বাংলাদেশ আপাতত এই সমীকরণ-টরণ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছে না। আজকের ম্যাচটাকে তারা দেখছে বিধ্বস্ত অবস্থা থেকে উঠে আসার সুযোগ হিসেবে। অধিনায়ক মুশফিকুর রহিম খুবই আত্মবিশ্বাসী যে, তার দল এই সুযোগটা নিতে পারবে। বিশেষ করে সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফেরায় বাংলাদেশ দল শক্তিতে যে বেশখানিকটা আগের চেয়ে ভালো অবস্থায় যাবে, তাতে সন্দেহ নেই। ফলে মুশফিক আজ একটা জয়ের আশা করছেনই। এই যুক্তিটা আগের দিনই সংবাদ সম্মেলনে দিয়েছেন পাকিস্তানী অধিনায়ক মিসবাহ-উল হক। তিনিও বলেছেন, সাকিব ফেরায় এই ম্যাচে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ‘বাংলাদেশের সেরা পারফরমার সাকিব ছিল না বলে তারা বেশ ভুগেছে। তবে এই ম্যাচে সে ফিরছে। ফলে আমরা আরও বেশী সতর্ক। তারপরও আমরা সেরাটা খেলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রাখতে চাই’- বললেন মিসবাহ। মিসবাহর এই আত্মবিশ্বাসী উচ্চারণকে মিথ্যা করে দিতে চান মুশফিক। তিনি পেছনে তাকিয়ে হতাশ না হয়ে বরং বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুইটি ম্যাচই আমরা অল্পের জন্য হেরে গেছি। এবার সেই ভুলগুলো না করলে অবশ্যই জেতা সম্ভব আমাদের।’