স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রুমানা আফরোজ তন্দ্রাকে শ্লীলতাহানি, মারধর ও আত্মহত্যার প্ররোচনার মামলায় পাঁচ আসামির ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাবিদ হোসেন এ রায় দেন।
মামলার আসামিরা হলেন- মানিক, রতন, রানা, বাবলা ও মালেকা। এদের মধ্যে মালেকা ও রতন পলাতক থাকলেও বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালে ঢাকার মিরপুর আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুমানা আফরোজ তন্দ্রা রংপুরের বরার্টসনগঞ্জ মন্ডলপাড়া এলাকায় তার ভাড়া বাসায় আসেন। এসময় একই এলাকার মানিক, রতন, বাবলা ও রানাসহ বেশ কয়েকজন যুবক তাকে যৌন হয়রানি করে। ওই বছরের ১ জুলাই সন্ধ্যায় পার্শ্ববর্তী দোকানে দিয়াশলাই আনতে গেলে তন্দ্রাকে আসামিরা শ্লীলতাহানির চেষ্টা করে। তন্দ্রা ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে কুড়াল নিয়ে আসামিদের আঘাত করার চেষ্টা করলে আসামিরা তাকে প্রকাশ্যে মারধর করে এবং অপহরণের চেষ্টা করে। পরে জনসম্মুখে শ্লীলতাহানি ও মারধর করায় তন্দ্রা মানসিকভাবে ভেঙে পড়েন এবং বাড়ি ফিরে আত্মহত্যা করেন।
এ ঘটনায় রুমানা আফরোজার মা মাসুদা চৌধুরী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
