পাকিস্তানে আদালতে হামলা বিচারপতিসহ নিহত ১১

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২৩:১৮
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত প্রাঙ্গণে গতকাল সোমবার আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় এক বিচারপতি ও কয়েকজন আইনজীবীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩০ জনের বেশি। ইসলামাবাদের পুলিশ প্রধান সিকান্দার হায়াত্ সাংবাদিকদের বলেন, ‘দুটি আত্মঘাতী বোমা হামলা চালানোর পর দুই বা তিন ব্যক্তি গুলি বর্ষণ করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’ বন্দুকধারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী বিভিন্ন সংবাদমাধ্যমকে জানায়। হামলার পর আদালত প্রাঙ্গন রক্তে ভেসে যায়। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষের ছিন্নভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস)-এর নারী মুখপাত্র আয়শা ইসানী ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। আয়শা জানান, এ ঘটনায় আহত ২০ জনকে পিআইএমএস-এ ভর্তি করা হয়েছে। এদের অর্ধেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর আদালতের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেছে। ইসলামাবাদ পুলিশের প্রধান সিকন্দর হায়াত জানিয়েছেন যে সকাল নটা নাগাদ প্রায় ১৫ জন আদালত চত্বর ঘিরে ফেলে। হামলাকারীদের কাছে কালাশনিকভ রাইফেল ও গ্রেনেড ছিল। এরপর দুই দফা আত্মঘাতী বিস্ফোরণ হয়। পাশাপাশি গুলিও ছোড়ে জঙ্গিরা। এখনও পর্যন্ত হামলায় দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।