কংগ্রেসের ‘ভোটবাক্স’ হিসাবে ব্যবহূত না হলে মঙ্গল হবে

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২৩:২১
আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী দেশটির সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের ভোট লাভের জন্য জোরালোভাবে মাঠে নেমেছেন। তিনি মুসলমানদের উদ্দেশে বলেছেন, ‘‘কংগ্রেস আপনাদের ‘ভোটবাক্স’ হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু দলটি এত বছর ক্ষমতায় থেকে আপনাদের কি দিতে পেরেছে এবার হিসেব কষে বের করুন।’’ কংগ্রেসের ভোটবাক্স বদনাম নিয়ে স্বাধীন দেশের নাগরিক হয়ে বাস করা মানে নাগরিক অধিকারের বিসর্জন দেয়া বলে তিনি মন্তব্য করেছেন। লক্ষ্নৌতে এক জনসভায় মোদী মুসলমানদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন, মুসলমানরা যদি নিজেদের মঙ্গল চান তবে কংগ্রেসের পরিবর্তে যেন বিজেপিকে ভোট দেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, গুজরাটে তার সরকার ১৩ বছর ধরে ক্ষমতায়। তার রাজ্যের মুসলমানরা অন্যান্য রাজ্যের স্বধর্মী জনগোষ্ঠির চেয়ে যে ভালো আছেন সেটা তিনি খোঁজ নিয়ে দেখতে বলেন। তিনি বলেন, ‘আমরা মুসলমানদের উন্নয়নে বিশ্বাস করি। ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি কংগ্রেসের মতো মুসলমানদের দরিদ্র বানিয়ে রাখি না। কংগ্রেস মনে করে, মুসলমানদের গরীব বানিয়ে রাখলে তারা সাহায্য সহযোগিতার আশায় কংগ্রেসকে বার বার ক্ষমতায় আনবে। আর আত্মনির্ভরশীল হলে তারা পছন্দমতো ভোট দেয়ার আত্মবিশ্বাস অর্জন করে ফেলবে। হিন্দু মুসলিম নয়, আমরা ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই।’