প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাংলা

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:২৩
ইসলাম ও নৈতিকশিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান,সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পিরোজপুর প্রিয় শিক্ষার্থীরা আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করা হলো প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস প্রশ্ন:ইমান শব্দের অর্থ কী? উত্তর:ইমান একটি আরবি শব্দ।ইমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলামি পরিভাষায় মহানবি (স) আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা ,মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কাজ করাকে ইমান বলে। সহজ কথায় বলা যায় আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা ,আল্লাহ সবকিছু দেখেন,শোনেন,সবকিছুর খবর রাখেন একথা মানা , আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা এবং কবর, কেয়ামত,হাশর,মিজান, জান্নাত ও জাহান্নমের প্রতি বিশ্বাস থাকার নামই হলো ইমান। প্রশ্ন:আখিরাত মানে কী? উত্তর: আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল।পৃখিবীতে কোনোকিছুই অমর নয়। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। কিন্তু মৃত্যুতেই সবকিছু শেষ হয় না।মৃত্যুর পরও এক জগত্ আছে। ইসলামি শরিয়তের পরিভাষায় মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয় আখিরাত । প্রশ্ন:সারা বিশ্বের পালনকর্তা কে? উত্তর: সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা। অসংখ্য তাঁর অনুগ্রহ । তাঁর নিয়ামত গণনা করে শেষ করা যায় না। তিনি যেমন আমাদের খাদ্য, পানি,আলো ও বাতাস দিয়ে লালন পালন করেন ,ঠিক তেমনি গাছপালা,পশুপাখি,জীবজন্তুকেও লালন পালন করেন । তিনি সারা বিশ্ব লালন পালন করছেন। তিনিই নিখিল বিশ্বের পালনকর্তা। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে ‘সব প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সারা বিশ্বের পালনকর্তা।’ রচনামূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন: আল্ল¬াহ ক্ষমাশীল তা বুঝিয়ে লিখ। উত্তর: আল্ল¬াহু গাফুরুন অর্থ আল্ল¬াহ ক্ষমাশীল। কোনো ব্যক্তি যখন তার পাপ কাজের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে পাপ কাজ না করার সংকল্প করে, পূর্বের সব অন্যায় ও ভুল বুঝতে পেরে তার ভুল স্বীকার করে, তখন তার মনে অনুশোচনা হয়, দু:খ হয়, এ অবস্থায় সে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায় এবং অনুতাপে চোখের পানি ফেলে কাঁদে, তখন আল্ল¬াহ তাকে নিজ গুণে মাফ করে দেন। এই মাফ করাকে ক্ষমা বলে। মানুষ জীবন চলার পথে অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের প্ররোচনায় এবং কু প্রবৃত্তির তাড়নায় অন্যায় ও পাপ কাজে লিপ্ত হয়। মানুষ যদি পাহাড়সম অন্যায় করেও নিজ অন্যায় কাজের জন্য অনুতপ্ত হয়ে আল্ল¬াহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। ক্ষমা করা, মাফ করা আল্ল¬াহর অন্যতম গুণ। আল্ল¬াহ ক্ষমাশীল এ সর্ম্পকে সূরা মায়িদার ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্ল¬াহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ প্রশ্ন: নবি-রসূলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী? উত্তর: পথহারা মানুষকে সুপথে আনার জন্য যুগে যুগে মহান আল্ল¬াহ রাববুল আলামিন অসংখ্য নবি রাসূল প্রেরণ করেছেন। নবি রাসূলগণ মানুষের কাছে যে শিক্ষার কথা বলেছেন তার মূল কথাগুলো হলো- ১। তাওহিদ বা একত্ববাদ: আল্লাহ তা’আলা এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। নেই কোনো সমকক্ষ। ২। রিসালাত ও নবুয়্যাত : নবি-রাসূলগণের মাধ্যমে আল্ল¬াহর বাণীসমূহ মানুষের কাছে পৌঁছানো হতো। ৩। দীন: আল্লাহর দেয়া পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ৪। আখলাক: সুন্দর চরিত্র। এই উত্তম চরিত্র সম্পর্কে মহানবি (স) বলেছেন, উত্তম চরিত্রই হলো সকল কাজের মূল কথা।’ (মুসলিম) তিনি আরো বলেন, ‘উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে।(ইবনে মাজাহ) ৫। শরিআত: জীবন যাপনের বিবরণ, ইসলামের দৃষ্টিতে বৈধ, অবৈধ বা হালাল হারাম এবং জায়েয না জায়েয শিক্ষা সংবলিত বিধি-বিধান। ৬। আখিরাত: আখিরাতের জীবন অনন্ত। মৃত্যুর পরে মানুষ পুনরায় জীবিত হবে এবং পাপ পুণ্যের হিসাব হবে। আখিরাতের ওপর বিশ্বাস স্থাপন করা ফরয, আল্লাহ তা’আলা সূরা আল বাকারার দুই নম্বর আয়াতে বলেন, তারা (মুমিনগণ) আখিরাতের ওপর বিশ্বাস রাখে।’ বাংলা খোরশেদ আলম আকন্দ সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ এই দেশ এই মানুষ প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ নং প্রশ্নে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃ লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে কয়েকটি নমুনা দেয়া হলো। নিয়মিত অনুশীলনে আনন্দ পাবে নিজের মধ্যে। ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃ লিখন’ ১। প্রশ্ন: দেশ হলো আসলে জননীর মতো মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনি ভালোবাসতে হবে উত্তর: দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালোবাসতে হবে। ২। প্রশ্ন: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি আমরা বাংলাদেশের বাঙালি তার মানে বাঙালি আরও কোথাও আছে নাকি নিশ্চয়ই আছে উত্তর:আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে- বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয়ই আছে। ৩। প্রশ্ন: দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ জনপদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হলো আসলে জননীর মতো উত্তর: দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব। দেশ হলো আসলে জননীর মতো। ৪। প্রশ্ন: বাংলাদেশের আখাউড়া সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য ত্রিপুরার লোকজনও বাঙালি সকলেই বাংলায় কথা বলে তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে উত্তর: বাংলাদেশের আখাউড়া সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে। তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। ৫। প্রশ্ন: বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও বিচিত্র কেউ জেলে কেউ কুমোর কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ উত্তর: বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। পাঠ্যবই বারবার পড়বে