আমার প্রিয় বিদ্যালয়ের নাম কাকিনা শিশু নিকেতন। বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। এটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজবাড়ী এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে নার্সারী এ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রায় ৩০০ জন ছাত্র/ছাত্রী এখানে প্রতিদিন পড়া-লেখা করে থাকে। বিদ্যালয়টিতে ৯টি শ্রেণিকক্ষ, ১টি লাইব্রেরি, ২টি অফিসকক্ষ ও মেয়েদের জন্য একটি বিশ্রামাগার রয়েছে। ১২ জন শিক্ষক/শিক্ষিকা এখানে অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করান। গত বছর সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের ১০ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। যা কালীগঞ্জ উপজেলায় ২য় এবং কাকিনা ইউনিয়নে ১ম স্থান লাভ করে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব নাজির হোসেন অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি শিক্ষক/শিক্ষিকামন্ডলীর ক্লাসে পাঠদানের বিষয়টি তদারকি করেন। প্রতিটি জাতীয় দিবস অত্যন্ত সুনামের সাথে সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা মিলে উদযাপন করা হয়। বিদ্যালয়টির নিজস্ব বিশাল খেলার মাঠ রয়েছে। আরো আছে মাঠের পূর্বদিকে লম্বা একটি তালগাছ। ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে বড় লাইব্রেরি। যেখানে রয়েছে দেশ-বিদেশের মূল্যবান অনেক বই। বইগুলো বেশির ভাগ শিশু-কিশোরদের। ছাত্র/ছাত্রীদের জন্য সাপ্তাহিক, মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আমার প্রিয় স্যার মোঃ আব্দুল ওহাব আকাশ। তিনি কঠিন বিষয়কে অত্যন্ত সহজ সরল ভাষায় শ্রেণিতে পাঠদান করেন। যা সকল ছাত্র/ছাত্রী সহজেই বুঝতে পারে। তার বাচনভঙ্গি অত্যন্ত চমত্কার। বিদ্যালয়ের কোন ছাত্র/ছাত্রী অসুস্থ হলে তিনি প্রাথমিক সেবা-যত্ন করে সুচিকিত্সার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। পরবর্তীতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এই প্রতিষ্ঠানটি এখন ছাত্র/ছাত্রীর প্রিয়। আমি এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারছি বলে নিজেকে ধন্য মনে করছি।
