গল্প নয় সত্যি

চলন্ত সিঁড়িতে কুমির ভীতি!

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০২
জলের কুমির কিংবা ডাঙার বাঘের সামনে পড়বার যে কি বিপত্তি সেটা বোধকরি সবাই কমবেশি আঁচ করতে পারেন। কিন্তু তাই বলে জলের কুমিরকে ডাঙায়, বিশেষ করে ঝা চকচকে কোনো শপিং মলের চলন্ত সিঁড়ির সামনে বসে থাকতে দেখার কথা কেউ নিশ্চয়ই কল্পনাও করতে পারেন না। আর আপাত দৃষ্টিতে অকল্পনীয় এই বিষয়টির একটি ত্রিমাত্রিক উপস্থাপনাই সম্প্রতি চমকে দিয়েছে ব্রাজিলের একটি শপিং মলে কেনাকাটা করতে আসা ব্যক্তিদের। মূলত ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ব্রাজিলের বণ্যপ্রাণী ও বনের বিভিন্ন দিক নিয়ে প্রচার হতে যাওয়া একটি অনুষ্ঠানের প্রচারণার জন্যই এই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে। চলন্ত সিঁড়ির ঠিক মাথায় ত্রিমাত্রিক এই বিজ্ঞাপনটিকে এমনভাবে বসানো হয়েছে যে সিঁড়িটি দিয়ে উঠতে থাকা মানুষদের মনে হতে বাধ্য যে তারা আর কিছুক্ষণের মধ্যে একটি কুমিরের আক্রমণের শিকার হতে যাচ্ছেন। তাছাড়া ত্রিমাত্রিক হওয়ার কারণে কুমিরটি যে সত্যিকার অর্থেই ছবির মতো করে পানি ছেড়ে এবং মুখ হাঁ করে চলন্ত সিঁড়িতে উঠে পড়ছে না সেটা চট করে বুঝে ফেলাটাও খানিকটা দুষ্কর। আর এ কারণে বিজ্ঞাপনটি এখানে স্থাপন করার পর অনেকে যেমন এই সিঁড়িটি এড়িয়ে চলছেন বা সন্দেহের চোখে এটির দিকে তাকাচ্ছেন, তেমনি ওঠার পর দ্রুত অপর সিঁড়ি দিয়ে নেমে যেতেও দেখা গেছে অনেককে। আর যারা শেষ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরে বিজ্ঞাপনটির কাছে যাচ্ছেন তাদের চোখে পড়ছে বিজ্ঞাপনের বার্তাটিও যেখানে লেখা রয়েছে ‘ব্রাজিলের বনাঞ্চলে অ্যাডভেঞ্চারে যেতে তৈরি তো?’